শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ গ্রহন শেষে বাংলাদেশে যাবার পথে একদিনের বক্তিগত সফরে আগামী বৃহস্পতিবার লন্ডনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলেই বাংলাদেশের ফিরে যাবেন তিনি।
এদিকে চোখের চিকিৎসার জন্য লন্ডনে আসা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও লন্ডনে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। হিথ্রো বিমান বন্দরে ব্যাপক সংবর্ধনা দিবে যুক্তরাজ্য আওয়ামীলীগ। লন্ডনে আনুষ্ঠানিক কোন সভা সমাবেশ না হলেও তার জন্য নির্ধারিত হোটেলে নেতাকর্মীদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার লন্ডন মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্ম বার্ষিকী পালন অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আসন্ন যুক্তরাজ্য সফরকে সফল করতে সকল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহবান জানিয়েছেন। তিনি হিথ্রো বিমানবন্দরে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান। এসময় তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতি ঈঙ্গিত করে বলেন, কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে।
এদিকে যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ জানিয়েছেন, জনগনের কোটি কোটি টাকা অপচয় করে বিশাল বহর নিয়ে শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে প্রবাসীরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, স্বাভাবিকভাবেই এর প্রতিবাদ জানাতে প্রবাসীরা বিক্ষোভ দেখাবে। তাদের সাথে প্রতিবাদে অংশনীতি যুক্তরাজ্য বিএনপিও প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার সময় ঢাকায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।