সৈয়দ শাহ সেলিম আহমেদ : গত জুন মাসে এই কলামে লিখেছিলাম জানুয়ারিতে মধ্যবর্তী নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাও ছিলো। অনেকগুলো কারণও ছিলো। সেই অনেকগুলো কারণের মধ্যে এখন নতুন করে এক উপদ্রব শুরু হয়েছে সরকারের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে ইউরোপীয় ইউনিয়নের দ্যুতিয়ালি- এই মধ্যবর্তী নির্বাচন নিয়ে সরকারের সাথে দেন দরবার।
যদিও সরকার প্রকাশ্যে মুখ খুলে কিছুই বলছেনা কিন্তু ঈদ এবং নানা বাহানায় সরকারের একডজন মন্ত্রীর ইউরোপ আমেরিকা এক সাথে সফর আর উল্টো ঢাকায় ইউরোপীয় মন্ত্রী আর নীতি নির্ধারকদের সফর সেই সম্ভাবনার ক্ষেত্রকে সামনে এগিয়ে নিয়ে এসেছে। বলা হয়ে থাকে আজকের যুগে ইউরোপীয় ইউনিয়নের দাবীকে খুব একটা গুরুত্ব কেউ দেয়না। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যদি খোদ মার্কিনীদের পরামর্শে মাঠে নামে- তখন প্রশ্ন ভিন্ন হয়ে দেখা দেয়।
আর বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সরকারের সাথে দেন দরবার সেটাই সরকারকে এখন অশ্বস্থিতে রেখেছে। সারা বিশ্ব থেকে এতো স্বীকৃতি সব ঢাকা পড়ে যায় একজন মাত্র ইটালিয়ানের আকস্মিক মৃত্যুতে।সরকারের সকল ছক ওলট পালট করে দিয়েছে।
জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিতে যারা দেন দরবার বা লবিষ্ট করে থাকেন, তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হলো সদ্য। সেই সূত্রেই জানা গেলো, অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের ভিতরে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল যাচ্ছে বাংলাদেশে।
আবার তাদের ফেরত আসার অব্যাহতি পর পরই আক্টোবরের ১৫ থেকে ২১ তারিখের ভিতরে কমিশনের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে যাবে। দুটি প্রতিনিধি দলই মার্কিনীদের সবকে ঢাকা যাচ্ছে। উদ্দেশ্য সকলের অংশ গ্রহণে একটি স্বচ্ছ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য আলোচনা।
সূত্র জানালেন, ভারত যদিও বিএনপিকে এখন পর্যন্ত আমলে নেয়নি, তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবীকে একেবারে হেলা ফেলা করেও দিতে পারছেনা। মার্কিনীদের কাছে ভারতীয়দের যে বুঝাপড়া সেই বুঝাপড়াতে বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন একটা বার্নিং ইস্যু হয়ে টেবিলের মধ্যে ঘুর পাক খাচ্ছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রেক্ষিতে আর দুই নেত্রীর সাথে পজিটিভ ১৫ মিনিটের আলোচনার সূত্রে অনেকটা মোদীর গ্রিন সিগন্যালেই সরকারের মন্ত্রীদের ইউরোপ সফর- ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে বুঝা পড়া করার জন্য। সেই বুঝা পড়ার ফলাফল থেকেই এই দুই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফরের রোড ম্যাপ নির্ধারিত হয়েছে।
কমিশন চায় নির্বাচনের রোড ম্যাপ আদায় করতে। অবস্থাদৃষ্ঠে মনে হয় কমিশন বিএনপির দাবী নিয়ে মাঠে। রাজনীতির দাবা খেলায় বিএনপি না চাইতেই তাদের দাবী নিয়ে কমিশন মাঠে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান অক্টোবরের ৩ থেকে ১২ তারিখের ভিতরে এই দুই প্রতিনিধিদলের সমন্বয়কের সাথে একটি মিটিং করবেন বলে নির্ধারিত হয়েছে।
কিন্তু সূত্রের মতে, দুই পক্ষের কেউই এই মিটিং এর কথা স্বীকার করছেনা- বোধগম্য কারণে।একটা বিশ্বস্থ সূত্র ইঙ্গিত দিয়েছেন, বিএনপি নেত্রীর নির্ধারিত লন্ডন সফর সে কারণে অনেকটাই বিলম্ব হয়ে যাচ্ছে। এই অনির্ধারিত মিটিং সামনে চলে আসায় এবং কনফার্ম হওয়ার কারণে আউটকাম যেনে নিতে চান। লন্ডনে উপস্থিত থাকলে সিনিয়র ভাইস চেয়ারম্যানকে কমিশনের ঐ প্রতিনিধি দলের ঢাকা সফরের আগে ব্রিফ করতে সহজ হবে, যা ঢাকা থেকে দেয়া অনেকটাই দুরহ হবে।
ইতালিয়ান নাগরিকের হত্যা রাজনীতির গতিপথে নতুন এক মাত্রা এনে দিয়েছে। লন্ডনে দুই দলের দুই নেতার মিশন কোন কারনে ব্যর্থ হলে বা সামান্যতম সম্ভাবনা বা আশার আলোর কোন পথ রেখা দেখা না গেলে, সরকারের আইএস ইস্যুতে হার্ড লাইনে গেলে বিএনপির জন্য রাজনীতি কঠিণ হয়ে গেলেও নতুন বিএনপির মাধ্যমে হলেও পুরনো ছকের খেলায় সরকার আগাম নির্বাচনে চলে যাবে। না হলে সব কিছু সরকারের নাগালের বাইরে চলে যাবে- ভারতীয় সিগন্যাল সরকারকেও জানিয়ে দেয়া হয়েছে।
ইতালিয়ান নাগরিকের হত্যার সাথে ইউরোপীয়ান কমিশন সহ ব্রিটিশ, মার্কিনী আর পূর্ব ইউরোপের রাষ্ট্র সমূহ এমনকি অস্ট্রেলিয়া কানাডা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা স্বাভাবিক কূটনীতির লক্ষণ নয়, সরকার ভালো করেই জানে। শুধুমাত্র ভারতের উপর নির্ভরশীল হয়ে বন্ধুহীন হয়ে ইমেজহীন রাষ্ট্র নিয়ে চলাচল করাটাও অনেক দুষ্কর।
একটি রাজনৈতিক পলিসি মেকার সূত্র দাবী করেছে, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিনীদের মধ্যস্থতায় ভারতকে আগাম নির্বাচনের জন্য নমনীয় করা গেলেও অগোছালো ও নেতৃত্বহীন বিএনপি ও কোনঠাসা নেত্রীর দ্বারা আগাম নির্বাচনের আলোচনার টেবিলের দাবীকে বাস্তবায়নের কৌশলে নিয়ে যাওয়াটাও মিলিয়ন ডলার এক প্রশ্ন।
কেননা সরকার চাপে থাকলেও দেশের ভিতরে ভালো একটা অবস্থানে রয়েছে, ইতালিয়ান নাগরিকের আকস্মিক মৃত্যু না হলে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতি সংঘে বাংলাদেশের অর্জন দিয়ে সরকার আরো অনেকদিন ভালো একটা ফর্মে থাকতে পারতো।লন্ডন মিশন সরকার অগোছালো বিএনপির জন্য ঝুলিয়ে রেখে আইএস ইস্যুতে হার্ড লাইনে গেলেও বিএনপি কি করে সেটার উপরও অনেক কিছু নির্ভর করছে।তারপরেও নির্বাচন যে একটা এগিয়ে এসে হয়ে যাবে- সেটার আলামত ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে।
আওয়ামীলীগ কাউন্সিল ডিসেম্বরে হয়ে যাবে, সরকার গুছিয়ে নিচ্ছে। বিরোধীদল এখনও কৌশল নির্ধারন করতে না পারলেও তাদের হয়ে ইউরোপীয় ইউনিয়ন সামনে চলে এসেছে। সুতরাং আগাম নির্বাচনও চলে আসছে সামনে।সরকারের ভিতরেও এখন সেই চিন্তা নিয়ে কাজ চলছে নীরবে বলে জানা গেছে।