শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০

বিএনপি মুখপাত্রের ভূমিকায় বিব্রত হাইকমান্ড

বিএনপি মুখপাত্রের ভূমিকায় বিব্রত হাইকমান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গভীর প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে ড. আসাদুজ্জামান রিপনের সমসাময়িক ভূমিকা। তাকে আপদকালে মৌখিকভাবে দলীয় মুখপাত্রের দায়িত্ব দিয়ে রীতিমতো বিব্রত পরিস্থিতিতে বিএনপির হাইকমান্ড। বিভিন্ন সময় তার দেয়া বক্তব্য-মন্তব্য দলের জন্য বদহজম হয়ে দাঁড়িয়েছে। জোট ও দলের আদর্শ, সিদ্ধান্ত এমনকি শীর্ষনেতার অবস্থানকে পাত্তা দিচ্ছেন না তিনি।

প্রশ্ন উঠেছে মুখপাত্র বিএনপির হলেও কার এসাইনমেন্ট পালন করছেন রিপন। এদিকে মৌখিকভাবে দায়িত্ব পেয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেছেন- মুখপাত্রের পরিকল্পিত ভূমিকার কারণে তাদের কর্মসূচি মিডিয়ার আড়ালে চলে যায়। সম্প্রতি দলের সহ-সাংগঠনিক সম্পাদকের উপর নিজ দলীয় দুর্বৃত্তদের হামলার ঘটনার নেপথ্যে তার ভূমিকা ছিল বলে চাউর রয়েছে।

তবে অভিযোগ সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন । তিনি বলেছেন, দায়িত্বের বাইরে তিনি কোন নেতিবাচক ভূমিকা পালন করছেন না। দলীয় সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপির মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পঞ্চম জাতীয় কাউন্সিলের পর দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী মুখপাত্র হিসেবে গণমাধ্যমে কথা বলতেন।

গত ৪ জানুয়ারি তাকে গ্রেফতারের পর আরেক যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ দায়িত্ব পালন করেন। সালাহ উদ্দিন গুমের শিকার হলে এই দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তাকে গ্রেফতারের পর পর্দার আড়ালে মুখপাত্রের দায়িত্ব পালন করেন আরেক যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু। এরপর গত ছয়মাস আগে ১১ এপ্রিল সাবেক ছাত্রনেতা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে এই দায়িত্ব পালনের জন্য মৌখিকভাবে নির্দেশ দেন।

তবে দায়িত্ব প্রদানের পর থেকেই দলীয় নেতাকর্মীরা বিষয়টিকে ভালোভাবে মেনে নিতে পারেনি। দলের সিনিয়র এবং রাজনীতিতে সুপরিচিত ও পরিচ্ছন্ন নেতারা তার ডাকে সাড়া দেয়নি। দিন যতো যাচ্ছে রিপনের প্রেস ব্রিফিংয়ে নানান বিতর্কিত মন্তব্য-বক্তব্য দলীয় নেতাদেরকে আরো কার্যালয় বিমুখ করে তোলে। দলকেও বিব্রতকর পরিস্থিতির মোকাবেলায় ফেলেছে। মিডিয়াও ভিন্নভাবে পরিচিত এই রিপনের বক্তব্যকে ভালো কাভারেজ দিচ্ছে না। ফলে রাজনৈতিকবোদ্ধা ও সমালোচকরা বিএনপির অস্তিত্ব নিয়ে কটাক্ষ করতে বাকি রাখছে না।

আলাপকালে দলের কয়েক সিনিয়র নেতা ইনকিলাবকে জানান, বিএনপি বর্তমান সরকারকে বৈধতা না দিলেও মুখপাত্র প্রতিদিনই উল্টো অবস্থান প্রকাশ করছে। দলের চেয়ারপারসন এই সরকারের প্রধানমন্ত্রীকে ‘গুম-খুনের নির্দেশদাতা হিসেবে দায়ী করলেও দলীয় মুখপাত্রের মুখ থেকে প্রশংসার ফুলঝুড়ি পড়ছে। পরিবেশের উপর অনুপ্রেরণামূলক কর্মকা-ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ নিয়ে শুকরিয়া আদায় করেছেন বিএনপির মুখপাত্র।

গত শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানান, পুরস্কার পাওয়ায় বাংলাদেশের সফল অর্জনে আমরা খুশি। তার এই বক্তব্যে হাইকমান্ড নাখোশ হলে গতকালের সংবাদ সম্মেলনে তিনি মিডিয়াকে দায়ী করেন। ইটালিয়ান নাগরিক খুনের ঘটনায় দলের তরফ থেকে অবস্থান জানানোর পর আমেরিকার গণমাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির বিবৃতিদাতা নেতাকে জিজ্ঞাসাবাদ করলেই অনেক কিছু জানা যাবে। এমন বক্তব্যের পরই উল্লেখিত মন্তব্য করেছেন ড. রিপন।

এর আগে জনপ্রশাসন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানান বিএনপি মুখপাত্র। গত ২১ জুলাই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির মনোভাবের মধ্যে কোনো পার্থক্য নেই। এর আগে বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে দলের তরফ থেকে ভারতকে মৌখিক মুচলেকা দিয়েছে ড. রিপন। গত ২৭ মে সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি কখনোই ভারতবিরোধী রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না।

মহিলা দল, ছাত্রদল ও স্বেচ্ছাবেক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, দলীয় ও জাতীয় ইস্যুতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনগুলো। কখনো জাতীয় প্রেস ক্লাবের সামনে, কখনো দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। যথারীতি মিডিয়াকে অবহিতও করা হয়। কিন্তু আসাদুজ্জামান রিপন নিত্যদিনের মতো প্রেস ব্রিফিং ডেকে বসেন। তাও যে সময় অঙ্গসংগঠনের কর্মসূচি ঠিক সেই সময়েই।

ফলে তাদের কর্মসূচি মিডিয়াতে প্রত্যাশিতভাবে প্রচার-প্রকাশ পায় না। এ নিয়ে বিভিন্ন সময় বাকবিতন্ডাও হয়েছে। দফতর সূত্র জানায়, রিপনকে শুধু ইস্যুভিত্তি কথা বলার জন্য দায়িত্ব দেয়া হলেও তিনি সংগঠন ও দাফতরিক কাজেও প্রভাব বিস্তার করেন।

দল পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়ে রিপনকে পরামর্শ দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হয়েছেন। ছাত্র ও শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষা বিষয়ক সম্পাদকের ব্রিফিং করার কথা থাকলেও তা পাত্তা দেননি রিপন। অভিযোগ রয়েছে পছন্দের নেতাকে পাশে নিয়ে ব্রিফিং করেন ড. রিপন। বাকিরা চাইলেও স্থান পান না।

সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হলেও আর্থিকভাবে সবল নেতাদের মিডিয়ায় জানান দিতে আসাদুজ্জামান রিপন ভূমিকা রাখেন বলেও আলোচনা রয়েছে। তার ব্রিফিংয়ে আসতে হলে আগে থেকে মোবাইলে ম্যাসেজপ্রাপ্ত হতে হয়। অন্যথায় বের করে দেয়া হয় নেতাদের। দুই মাস আগে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সাথে বাকবিতন্ডা করেছেন রিপন।

দলের সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে বলেছেন, ‘না ডাকলে আসেন কেন’। তেজগাঁওয়ের কবির নামে বিএনপি নেতাকে ব্রিফিং রুম থেকে বের করে দিয়েছেন আসাদুজ্জামান রিপন। অতীতের সকল মুখপাত্র দলীয় চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা কার্ডের সাথে নিজের নামে কার্ড দেননি। তবে এবারই ব্যতিক্রম। ড. রিপন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কার্ডের সাথে বিএনপির মুখপাত্র হিসেবে নিজের নামেও কার্ড দিয়েছেন। সিনিয়র নেতারা বিষয়টিকে সমালোচনামূলক কাজ বলে অভিহিত করেছেন। এক এক করে উল্লিখিত অভিযোগ খ-ন করেছেন ড. রিপন।

অঙ্গসংগঠনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, অঙ্গসংগঠনের ব্রিফিংয়ের চেয়ে বিএনপিরটা গুরুত্বপূর্ণ। তবে আগে অবহিত করলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়। ভারতের কাছে মুচলেকা, সৈয়দ আশরাফুল ইসলামের বিষয়টিকে পুরনো বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্তিতে শুকরিয়া প্রসঙ্গে বলেন, এটা অনেক হয়েছে আর বলতে চাই না। ব্রিফিংয়ে নিষ্ক্রিয় নেতাদের জানান দেয়া প্রসঙ্গে বলেন, আমি নিষ্ক্রিয়দের ব্যাপারে জানি না, তবে পর্যায়ক্রমে সকলকেই জায়গা দেয়া হয়। দাফতরিক কাজে প্রভাব প্রশ্নে তিনি বলেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026