শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্প্রতি ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে বিপুল সংখ্যক মানুষ বসবাস করছে। তারা হোমলেস বলে দাবী করার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি করে বলে অভিযোগ রয়েছে। এদের উচ্ছেদের জন্য আইনী লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা করছে ম্যানচেষ্টার সিটি কাউন্সিল।
বিপুল সংখ্যক হোমলেস ভিখারী লন্ডন থেকে ম্যানচেষ্টারে পাড়ি জমিয়েছেন বলে দাবী করেছেন ম্যানচেষ্টার সিটি কাউন্সিল। তবে যেসব হোমলেস অসহায় এবং যারা যথাযথ কোনো এজেন্সি থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বরং তারাই ভিক্ষাবৃত্তি করছেন বলে মনে করে ন্যাশনাল চ্যারিটি সংস্থা হোমলেস লিঙ্ক।
সিটি কাউন্সিলের লিডার স্যার রিচার্ড লিস নিজের ব্লগে একটি লেখায় এ দাবী করে বলেন, লন্ডন থেকে পাড়ি দেয়া এসব ভিখারীর মধ্যে প্রায় ৮০ শতাংশ হোমলেস নয়। লন্ডন থেকে ম্যানচেষ্টার সিটির স্ট্রীটে ভিক্ষাবৃত্তি করছে বলে প্রমাণ তাদের হাতে আছে।
এ বিষয়ে ন্যাশনাল চ্যারিটি সংস্থা হোমলেস লিঙ্ক বলেছে, ম্যানচেষ্টারের বর্তমান অবস্থা আসলেই একটু বেশি কমপ্লিক্যাটেড। যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত তাদের অনেকেই হোমলেস হলেও তাদেরকে স্ট্রীটে কম্বল মুড়িয়ে ঘুমাতে হয় না। আবার অনেক হোমলেস দিনে ভিক্ষাবৃত্তিও করছেন না।
সিটি কাউন্সিলের লেবার লিডার স্যার রিচার্ড মনে করেন, খাদ্য এবং বাসস্থানের কথা বিবেচনা করে সাধারণ মানুষ ভিখারীদের অর্থ দিয়ে থাকলেও সে অর্থে স্থানীয় অফ লাইসেন্স শপ, ড্রাগ ডিলার লাভবান হয়। অচেনা, অজানা কিছু মানুষ দিনের প্রথমার্ধ্বে ভিখারীদের সিটি সেন্টারে রেখে যায় আবার দিন শেষে তুলে নিয়ে যায় বলেও মন্তব্য করেন সিটি কাউন্সিল লিডার।
তিনি স্বীকার করে বলেন, শুধু ম্যানচেষ্টার নয়, সারা দেশেই বর্তমানে হোমলেস মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলছে। যথেষ্ট হাউসিংয়ের অভাব, ওয়েলফেয়ারসহ অন্যান্য সার্ভিস কাটের কারণে এ সমস্যা বাড়ছে বলে মনে করেন তিনি।