বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২

স্কুল ফাকির দিন শেষ

স্কুল ফাকির দিন শেষ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠা। স্কুল পালিয়ে টইটই করে ঘুরে বেড়ানো। মা-বাবার কাছ থেকে পরীক্ষার ফলাফল লুকানো।স্কুল জীবনে এ ধরণের ফাঁকিবাজি করেননি এমন লোক মেলা ভার। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের যুগে এমন ফাঁকিবাজির দিন বুঝি শেষ হয়ে এলো।

স্কুল ফাঁকি ঠেকাতে বসানো হচ্ছে এখন ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সঙ্গে এসএমএস(ক্ষুদে বার্তা)এলার্ট পদ্ধতি। শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যে এমন ব্যবস্থা চালু হয়েছে নগরীর কুসুম কুমারী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ব্যক্তিগত উদ্যোগে স্কুল পর্যায়ে নগরীর কোন স্কুলে প্রথমবারের মতো এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।

ডব্লিউথ্রিএক্সপ্লোরার্স বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ বাংলানিউজকে জানান, স্কুলে তিনটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন বসানো হয়েছে। খুব অল্প সময়ে শিক্ষার্থীরা আঙ্গুলের চাপ দিয়ে স্কুলে প্রবেশ করবেন। একই সঙ্গে একটি এসএমএস এলার্ট সার্ভিস সফটওয়্যার ডেভলাপ করা হয়েছে।

যেটির মাধ্যমে একজন শিক্ষার্থী আঙ্গুলের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে একটি এসএমএস চলে যাবে। যেখানে লেখা থাকবে অমুক(শিক্ষার্থীর নাম) স্কুলে প্রবেশ করেছে। একইভাবে বের হওয়ার সময় আঙ্গুলের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকের মোবাইলে এসএমএস চলে যাবে। যেখানে লেখা থাকবে অমুক (শিক্ষার্থীর নাম) স্কুল থেকে বের হয়েছে।

তিনি বলেন, এছাড়াও অনেক শিক্ষার্থী ফলাফল খারাপ করায় অভিভাবকদের কাছ থেকে লুকিয়ে রাখতে চান।যার কারণে অভিভাবকরা শিক্ষার্থীর পড়ালেখার অবস্থা সম্পর্কে অন্ধকারে থাকেন। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে এসএমএস এর মাধ্যমে সকল শিক্ষার্থীর অভিভাবকের কাছে তাদের সন্তানের ফলাফল পৌঁছে যাবে।

কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার কথা ভাবছিলাম দীর্ঘদিন ধরে। শুনলাম এরকম একটি প্রযুক্তি আছে। প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিটি সিটি কর্পোরেশনের কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যবহারের সিদ্ধান্ত নেই। এটি বসাতে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ব্যয় আমি বহন করেছি।

তিনি বলেন,‘অনেক সময় শিক্ষার্থীদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে থাকেন না অভিভাবকরা। পেশাগত কারণে তারা ব্যস্ত থাকেন। তার সন্তানটি স্কুলে গেছে কি না এ নিয়ে টেনশনে থাকেন। এখন তারা চিন্তামুক্ত হবেন।ক্রমান্বয়ে জামালখান ওয়ার্ডের প্রত্যেক বিদ্যালয়ে এ প্রযুক্তি ব্যবহার করা হবে।’

কুসুম কুমারী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা মজুমদার বলেন, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের প্রায় একহাজার ৪১ জন ছাত্রী রয়েছে। অভিভাবক সমাবেশ ছাড়া সব ছাত্রীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। অনেকে মোবাইল ফোনে তার মেয়ে স্কুলে এসেছে কি না তা জানতে চান। আবার বাসায় একটু দেরিতে ফিরলেও ফোন করে জানতে চান। এখন তারা স্বয়ংক্রিয়ভাবেই জানতে পারবে তার সন্তান কখন স্কুলে এসেছে কখন স্কুল থেকে বের হয়েছে। এছাড়া ফলাফল অভিভাকদের কাছে পাঠানো হলে সন্তানদের প্রতি তারা আরও যত্নবান হবেন বলে আশা করছি।

কুসুম কুমারী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রঞ্জন দে বলেন, আমি মনে করি এটি অভিভাবকদের জন্য একটি সুসংবাদ। সন্তানকে স্কুলে পাঠিয়ে টেনশনে থাকতে হয়। প্রতিদিনতো আর স্কুলে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব হয় না। অনেক সময় প্রধান শিক্ষককে ফোন করে বিরক্ত করি।যদি এটি সত্যিকার অর্থে কার্যকর হয়, তাহলে আমরা সন্তানদের নিয়ে অনেকটা টেনশনমুক্ত হবো।

সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ বলেন, শিক্ষার মানোন্নয়নে আমরা বিভিন্ন পদ্ধতির কথা ভাবছি। এরমধ্যে ক্লাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে পাইলট প্রকল্প হিসেবে কুসুম কুমারী উচ্চ বিদ্যালয়ে এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এখানে যদি সফল হয় তাহলে ক্রমান্বয়ে সিটি কর্পোরেশনের সব স্কুল এবং কলেজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026