শীর্ষবিন্দু নিউজ: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাঁর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন।
রবিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার পর সৈয়দা সায়রা মহসিনের মনোনয়ন চূড়ান্ত করা হয়। এছাড়াও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। এরা হচ্ছেন- মহসিন আলীর স্ত্রী ছাড়াও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ।
এছাড়াও প্রবাসী আওয়ামীলীগ নেতা আবদুল আহাদ চৌধুরী, আবদুল মালিক তরফদার শোয়েব, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাট্যকার আবদুল মতিন (ভিপি মতিন), জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের আনকার আহমেদ, পৌর সভাপতি এম আতাউর রহমান লোকমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বাস মালিক সমিতির সভাপতি শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাদ্দোজা।
এর আগে কোনো নির্বাচনেই এই আসনে মনোনয়নের জন্য এত বিপুলসংখ্যক নেতা আবেদন করেননি। এ নিয়ে মৌলভীবাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার শহরে আলোচনার প্রধান বিষয় ছিল এটি। এই ২৫ জনের মধ্যে দলের মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়েও দেখা দিয়েছে কৌতূহল।
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। এর পরই আসনটি খালি হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ৮ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ২২ নভেম্বর।