রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯

বিমানের যাত্রীসেবার মান বাড়িয়ে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সরকার

বিমানের যাত্রীসেবার মান বাড়িয়ে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সরকার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বৃটেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবী সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট খুব শীঘ্রই চালু হবে। এতোদিন রিফুয়েলিং সমস্যার সমাধান হলেও রানওয়ের ত্রুটির কারণে এই রুটে এখনই যাত্রী ও কার্গো একই সাথে নিয়ে বোয়িং ৭৭৭ এর মতো বিশাল আকারের বিমান উড্ডয়ন করা সম্ভব হচ্ছে না। এর শীঘ্রই সমাধান করে প্রবাসীদের এই দাবী পূরণের লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ সর্বাত্মক কাজ করে যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উদ্যোগে গত ৩ নভেম্বর মঙ্গলবার ব্রিটেনে বিমানের প্যাসেঞ্জার সেলস এজেন্ট এবং কার্গো সেলস এজেন্টদের মধ্যে টপ সেলিং এজেন্টদের এওয়ার্ড প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিমান ও পর্যটন মন্ত্রী।

পূর্ব লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিন আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান প্রমুখ।

উর্মি মাজাহারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের ইউকে ও আয়ারল্যান্ডে নিযুক্ত কান্ট্রি ম্যানেজার ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও জনমত সম্পাদক নবাব উদ্দিন, প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, কবি শামীম আজাদ, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান, চ্যানেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী সাবরিনা হোসাইন, বেতার বাংলা প্রধান নির্বাহী নাজিম চৌধুরী।

বিমানের এওয়ার্ড বিজয়ীদের শুরুতেই অভিনন্দন জানিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, লোকসানের বদনাম ঘুচিয়ে বিমান এখন দিন দিন লাভের দিকে যাচ্ছে। অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চালুর ফলে অন্যান্য দেশীয় এয়ারলাইন্সগুলো তাদের টিকেট মুল্য অনেক কমিয়েছে। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, গতবার বৃটেন সফরে আপনাদের কাছ থেকে বিমানের অনেক সমস্যার কথা শুনেছিলাম। এবার আপনাদের মুখ থেকে বিমানের সার্ভিস ও বিভিন্ন প্রশংসার কথা শুনে সত্যিই আনন্দ লাগছে।

পর্যটন শিল্প নিয়ে তিনি বলেন, বাংলাদেশ পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময়ী একটি দেশ। প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত সিলেটের বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তাছাড়া বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করে দিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি।

বিমানের চেয়ারম্যান এর মার্শাল অবসরপ্রাপ্ত জামাল উদ্দিন আহমেদ বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধতা সত্ত্বেও বিমান আপনাদের সকলের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি বিমান বহরে আরো বেশ কয়েকটি নতুন উড়োজাহাজ সম্পৃক্ত করা হবে। অনেক দিন ধরে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ ছিল, বর্তমানে এসব রুটে আমরা দুটো উড়োজাহাজ দিয়ে পুনরায় চালু করেছি।

লন্ডন সিলেট লন্ডন রুটের বিমানের ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে তিনি বিশেষ ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি বলেন, এই রুটের বোয়িং ৭৭৭ ফ্লাইটের জন্য যে ধরণের রানওয়ে থাকা দরকার তা সিলেটে থাকলেও এই রানওয়ের কিছুটা অংশে ত্রুটি থাকায় সরারসরি সিলেট লন্ডন রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। রানওয়ের এই ত্রুটি নিরসনে কাজ চলছে। বিমানের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ বিমানের টপ সেলস এওয়ার্ড বিজয়ীদের বিমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ মিলিয়ন যা স্মরণকারের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যার অবদান প্রবাসীদের। আর এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রজেক্টে সরকার পরিকল্পনা করার জন্য সাহস পাচ্ছেন।

বৃটেন প্রবাসীদের দীর্ঘদিনের দাবী লন্ডন সিলেট লন্ডন রুটের বিমানের ফ্লাইট চালুর বিষয়টি বিমানের আগামী ফ্লিট প্ল্যানিং সভায় উত্থাপন করবেন বলে জানান তিনি। ঢাকায় গিয়ে এবার বিমানে যাত্রীদের জন্য খাদ্য তালিকা প্রিন্ট করে সংযোজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আব্দুল হান্নান বলেন, আগামী বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা হওয়ার পর পরই মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রীর নির্দেশেই প্রবাসী ও বিদেশীদের ট্যুরিজম সেক্টরের সাথে সম্পৃক্ততা করার জন্য বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজারের সাথে আলোচনা করি। এই আলোচনা থেকে বিমানের যাত্রীদের জন্য নতুন ধরণের সুযোগ সুবিধা সম্বলিত প্যাকেজ এর পরিকল্পনা গ্রহণ করা হয়।

তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতার মাঝেও বিমান কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। বিমানের লন্ডন অফিসের কর্মকর্তারা শুধুমাত্র যাত্রীদের কাছে টিকেট বিক্রয় ও কার্গো সেবা প্রদানের মাধ্যমেই ব্যস্ত থাকছেন না। তারা বিমানের সাথে অন্যান্য এয়ারলাইন্সের একটি নেটওয়ার্কিং সৃষ্টি করে যাত্রীদের আরো অধিকতর সেবা প্রদানে কাজ করে যাচ্ছে। যার সুফল বাংলাদেশীসহ সবাই হয়তো একসময় পাবেন।

ট্রানজিট ট্যাক্স সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সামান্য অল্প ট্রানজিট ট্যাক্স ফি এর জন্য যাত্রীরা বাংলাদেশ বিমানে করে অন্য দেশে ট্রানজিট নিতে আগ্রহ হচ্ছে না। তাছাড়া, বিমানবন্দরে এই ট্রানজিট ফি পরিশোধ ও প্রসেসিংয়ের সময় বেশ বিড়ম্বনায় পড়তেও হয়। এই ট্রানজিট ট্যাক্স বিমান কর্তৃপক্ষকে বহন করার জন্য বিমান মন্ত্রী, চেয়ারম্যান ও সচিবের নিকট দাবী জানান তিনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বিমান এই কমিউনিটির সম্পদ। কমিউনিটি সব সময়ই বিমানে সুখে দুঃখে আছে এবং থাকবে বলে আমার বিশ্বাস। বিমানকে কমিউনিটির একেবারে কাছে নিয়ে যেতে ট্রাভেল ও কার্গো ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। আজ আমরা এখানে তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ এওয়ার্ড প্রদান করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কারণেই বিমান বাংলাদেশ ইউকে এর জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন।

এ বছর বিমানের টপ সেলিং এজেন্ট হিসেবে ১৯টি প্রতিষ্ঠানকে এওয়ার্ড ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্যাসেঞ্জার সেলস এজেন্ট হিসেবে শ্রেষ্ঠ ও প্রথম এজেন্ট হিসেবে এওয়ার্ড লাভ করেন হিলসাইড ট্রাভেলস, কার্গো সেলস এজেন্ট হিসেব পুরষ্কার লাভ করে জেএমজি কার্গো। এরপর প্যাসেঞ্জার সেলস এজেন্ট হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এওয়ার্ড লাভ করেন যথাক্রমে ইমরান ট্রাভেল, এয়ার এক্সপ্রেস, ট্রাভেল লিংক ও সুরমা ট্রাভেলস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026