আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের এক বিচারক। ২০১০ সালে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলার দায়ে নেতানিয়াহুসহ ইসরাইলের বর্তমান এবং সাবেক ৮ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। স্পেনের মাটিতে পা দিলেই ইহুদিবাদী ইসরাইলের এ সব ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
ইসরাইলি সাবেক এবং বর্তমান যে সব কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক পররাষ্টমন্ত্রী অ্যাভগাডোর লিবারম্যান, সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন ও ইহুদ বারাক এবং সাবেক গোয়েন্দামন্ত্রী ড্যান মেরিডোর রয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৩১ মে অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ মাভি মারমারায় কমান্ড হামলা চালায় ইসরাইল। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো ওই হামলায় নয় জন তুর্কি ত্রাণকর্মী নিহত হন। ভূমধ্যসাগরে এ হামলা চালানো হয়। টাইমস অব ইসরাইল।