নিউজ ডেস্ক: বাড়ির পেছনের বাগানে যখন আপনি চকচকে কোন বস্তু দেখতে পান, অ্যালুমিনিয়াম তার ছাড়া অন্য কিছু সচরাচর তা হয় না। কিন্তু সুইজারল্যান্ডের এক খামারি এমন চকচকে বস্তু পরখ করতে গিয়েই আবিষ্কার করলেন বিশাল এক গুপ্তধন! তিনি পেয়ে গেলেন রোমান আমলের ৪ হাজারেরও বেশি মুদ্রা।
ধারণা করা হচ্ছে, এ মুদ্রা ১৭০০ বছরের পুরনো! এ খবর দিয়েছে সিএনএন। প্রাথমিকভাবে অল্প কয়েকটি হলেও, স্থানীয় প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় মাটির নিচ থেকে মোট ৪১৬৬টি মুদ্রা উদ্ধার করা হয়। এ অভিযানে অংশ নেয়া প্রত্নতাত্ত্বিক ড. জর্জ ম্যাটার বলেন, এটি ব্যতিক্রমী একটি আবিষ্কার।
প্রত্নতত্ত্বে আড়াই হাজারের বেশি মুদ্রা আবিষ্কারের ঘটনা বিরল। এ মুদ্রাগুলো সম্পূর্ণ অন্য ঘরানার, দৃশ্যত প্রায় অনন্য। কিছু মুদ্রা সম্রাট অরেলিয়ানের শাসনামলের, অর্থাৎ ২৭৪ খ্রিষ্টাব্দের। অন্য মুদ্রাগুলো সম্রাট ম্যাক্সিমিয়ানের সময়কার, অর্থাৎ ২৯৪ খ্রিষ্টাব্দের। জর্জ ম্যাটার বলেন, এ সম্পদ হয়তো কোন ব্যবসায়ী বা জমিদারের ছিল।
ওই ব্যক্তি এখানেই বাস করতেন। নিজের অর্জিত সম্পদ হয়তো তিনি এখানেই বছরের পর বছর জমিয়ে রেখেছিলেন। যে কারণেই হোক, তিনি গোপনে এগুলো সরিয়ে রেখেছিলেন। কিন্তু তামা ও রৌপ্যের এ মুদ্রাগুলো কখনই কেন তিনি উদ্ধার করেননি?
ব্যাখ্যার সুরে জর্জ ম্যাটার বলেন, একটি কারণ হতে পারে যে, তিনি এ সম্পদ উদ্ধার করার জন্য এখানে ফেরার আর কোন সুযোগ পাননি। তিনি হয়তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, কিংবা মারাও গিয়েছেন। আরেকটি কারণ হতে পারে, তিনি হয়তো ফিরেও এসেছিলেন ও খুঁজছিলেন নিজের সম্পদ। কিন্তু সেগুলো আর খুঁজে পাননি!
যে কৃষক এ প্রাচীন মুদ্রা আবিষ্কার করেছেন, তিনি সেগুলো নিজের কাছে রাখতে পারবেন না। এসব চলে যাবে স্থানীয় ভিন্দোনিসা দ্য ব্রুগ জাদুঘরের প্রদর্শনীতে। তবে সুইস আইন অনুযায়ী, ওই কৃষক বিশেষ ফি পাবেন।