শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের ট্রাইডেন্ট পরমাণু অস্ত্রসম্ভার সাইবার হামলার শিকার হয়ে অকেজো হয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লর্ড ব্রাউন। গত সোমবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয় যে ট্রাইডেন্ট কর্মসূচি নবায়ন করার খরচ ৩ হাজার ১০০ কোটি পাউন্ডে উঠেছে।
যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ ট্রাইডেন্টের ভবিষ্যৎ নিয়ে পার্লামেন্টে গুরুত্বপূর্ণ বিতর্ক সামনে রেখে সাবেক দুই মন্ত্রী এ নিয়ে তাঁদের এ অবস্থান জানালেন। সরকার তার যে কৌশলগত প্রতিরক্ষা নিরাপত্তা পর্যালোচনা (এসডিএসআর) প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, ডুবোজাহাজগুলো প্রতিস্থাপন শুরু করার বিষয়টি ২০৩০-এর দশকের শুরুর দিক পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান বিশ্বে নেতৃস্থানীয়।
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা লর্ড ব্রাউন বিবিসিকে বলেন, ট্রাইডেন্টের সব অংশের ক্ষেত্রে সাইবার হুমকির ঝুঁকি পর্যালোচনা করা হয়েছে এবং সুরক্ষার ব্যবস্থা তৈরি আছে এ মর্মে আইনপ্রণেতাদের আশ্বস্ত করার ‘বাধ্যবাধকতা’ রয়েছে মন্ত্রীদের ওপর।
গত সোমবার হাউস অব কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিশ্চিত করেন, যুক্তরাজ্যের পরমাণু ক্ষেপণাস্ত্রবাহী যে চারটি ডুবোজাহাজ রয়েছে, সেগুলো নবায়ন করা হবে কি না, তা নিয়ে বাধ্যতামূলক নয় এমন একটি ভোটাভুটিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এমপিরা। বিরোধী লেবার দলের আনুষ্ঠানিক নীতি এখনো ট্রাইডেন্ট কর্মসূচি নবায়নের পক্ষে। কিন্তু দলটির নতুন নেতা জেরেমি করবিন এর ঘোর বিরোধী।
লেবার সরকারের সাবেক মন্ত্রী লর্ড ব্রাউন বিবিসিকে বলেন, ট্রাইডেন্ট কর্মসূচির দুর্বল দিকগুলো যদি সুরক্ষার ব্যবস্থা না করা হয়, তবে প্রয়োজনের সময় নির্ভরযোগ্য পরমাণু প্রতিরোধক ব্যবস্থার কোনো নিশ্চয়তা পাবেন না প্রধানমন্ত্রী। রক্ষণশীল দলের সাবেক প্রতিরক্ষা–মন্ত্রী স্যার ম্যালকম রিফকিন্ড এই ঝুঁকিকে ততটা গুরুত্ব দিতে নারাজ।
লর্ড ব্রাউন আরও বলেন, মন্ত্রীরা যদি তা করতে ব্যর্থ হন, তবে আমাদের একটা নির্ভরযোগ্য পরমাণু অস্ত্র প্রতিরোধব্যবস্থার কোনো নিশ্চয়তা থাকবে না বা প্রধানমন্ত্রী যখন ব্যবস্থাটি প্রয়োগ করতে চাইবেন, তখন তিনি তা পারবেন না। তবে এ কথার সঙ্গে ভিন্নমত পোষণ করে ম্যালকম রিফকিন্ড বলেন, আমাদের পরমাণু অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে এটাই সব কথা নয় যে তার কার্যকারিতা শতভাগ নিশ্চিত কি না। আশা করা হয়, সেগুলো কাজ করবে। তিনি বলেন, হামলার কথা চিন্তা করা কোনো শত্রু ঝুঁকিটা নিতে প্রস্তুত থাকবে কি না, সেটিই আসলে প্রশ্ন।