রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০

রুশ যুদ্ধ বিমানের দুই পাইলটই জীবিত আছেন

রুশ যুদ্ধ বিমানের দুই পাইলটই জীবিত আছেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়া-তুরস্ক সীমান্তে গুলিতে ভূপাতিত রুশ যুদ্ধবিমানটির দুই পাইলটই জীবিত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, ভূপাতিত বিমানটির দুই পাইলট বেরিয়ে আসতে সক্ষম হলেও বিদ্রোহীদের গুলিতে তাদের একজন নিহত হন। গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রেসিডেন্ট পুতিন আজ বুধবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেন, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলটই জীবিত আছেন। বার্তা সংস্থা এএফপি জানায়, পুতিন রুশ নাগরিকদের তুরস্ক সফরে না যাওয়ার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের প্রতি সমর্থন জানিয়েছেন।

এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোউগু বার্তা সংস্থাগুলোকে জানান, একজন পাইলট নিহত হওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, সেই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তিনি ‘সুস্থ ও নিরাপদ’ আছেন। ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। ওই পাইলটকে সিরিয়ায় সরকারনিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সোউগুর আগে ফ্রান্সে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার ওরলোভ ইউরোপ-১ বেতারকে জানান, সিরিয়ার সরকারি বাহিনী ওই পাইলটকে উদ্ধার করেছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, তুরস্কের গুলিতে ভূপাতিত রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটসহ আরোহীদের উদ্ধারে গিয়ে আজ বুধবার দেশটির এক মেরিন সেনা নিহত হন। গতকাল মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সীমান্তের কাছাকাছি বিমানটি গুলি করে ভূপাতিত করে তুরস্ক। বিমানটির বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে গুলি চালানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ফোন করেছেন। তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন ওবামা।

এদিকে ন্যাটোর মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন, তিনি তুরস্কের তথ্যকে সমর্থন করেন। বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর এক জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ‘আমরা তুরস্কের প্রতি সংহতি প্রকাশ করছি। আমাদের ন্যাটোভুক্ত বন্ধুর সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন করছি।’

তবে, ভ্লাদিমির পুতিন ওই যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টিকে ‘পেছন থেকে ছুরি মারা’ বলে অভিহিত করেছেন। এ ঘটনার পর তুরস্কের সঙ্গে বিদ্যমান সামরিক চুক্তি বাতিলও করেছে রাশিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026