সাগর চৌধুরী: জেদ্দায় সফররত অর্থ মন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত বলেছেন জেদ্দার বাংলাদেশ স্কুলের নিজস্ব ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা যাতে সৌদি আরবে ছোট খাট বিনিয়োগ করতে পারেন সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে জোর দাবী জানানো হয়েছে। তারা বলেছেন বিষয়টি নিয়ে তারা ভেবে পদক্ষেপ গ্রহণ করবেন।
অর্থমন্ত্রী গত ২৬ শে নভেম্বর রাতে জেদ্দায় আওয়ামী পরিবারের সাথে মতবিনিময় কালে বক্তব্য রাখছিলেন। জেদ্দার সরাফিয়া কানন হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ।
সরতাজুল আলম দিপুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দার সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, জেদ্দা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি ফজলুর রহমান, জেদ্দা যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান শামীম, জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নু, জেদ্দা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আউয়াল প্রমুখ।
অর্থমন্ত্রী আরো বলেন, সৌদি আরব বাংলাদেশ থেকে তিন স্তরের লোক নিয়োগ করবে।এর আগে তিনি সকালে জেদ্দা চেম্বার অব কর্মাসের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে বিনিয়োগ বিষয়ে বৈঠক করেন। জেদ্দার ব্যাবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে মন্ত্রীকে জানান । এ সময় মন্ত্রীর সাথে সফরে আসা প্রতিনিধি দল ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ ও জেদ্দা কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম সঙ্গে ছিলেন।