শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ইতিহাসের অনেক কিছুই বদলে যাচ্ছে মধ্যেপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরবে। এই প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশ সৌদি আরব সিনেমা হল বানাতে চলেছে। দেশটির প্রথম প্রেক্ষাগৃহ নির্মিত হবে রাজধানী রিয়াদে।
বিশেষভাবে উল্লেখ্য যে, সৌদি আরবে শনিবার প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিয়েছেন নারীরা। ওই পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবেও নারীরা অংশও নিয়েছিল। এ পর্যন্ত ২০ নারী পৌরসভার সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এরপরই সিনেমা হল নির্মাণের মত বৈপ্লবিক ঘোষণা দিল সৌদি সরকার।
সৌদি আরবের সিনেমা কমিটি রিয়াদে দেশের প্রথম সিনেমা হলটি নির্মাণের ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তিতে সই করেছে। দীর্ঘদিন ধরেই সিনেমা হলের দাবিতে সোচ্চার রয়েছে দেশটির যুব সম্প্রদায়। তাদের দাবি মেনে নিয়েই প্রথমবারে মত হল নির্মানে সম্মত হয়েছে সৌদি সরকার।
তবে ওই হলটিতে কেবল ইসলামি ঐতিহ্যবাহী এবং সৌদি আরবের মূল্যবোধের ওপর নির্মিত চলচ্চিত্রই প্রদর্শিত হবে। ধর্মীয় কারণেই এতদিন ধরে দেশটিতে কোনো সিনেমা হল নির্মান করা হয়নি।