রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১

ফেইসবুক বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে ভোট

ফেইসবুক বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে ভোট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের মধ্যে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেমনি সুবিধা পাওয়া যাচ্ছে তেমনি বিভিন্ন সময় নানা তর্ক-বিতর্ক হচ্ছে বিশ্বজুড়ে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে কত বছর বয়স থেকে ফেসবুক ব্যবহার শুরু করা উচিত, এটা নির্ধারণ করতে ইউরোপিয় পার্লামেন্টে বৃহস্পতিবার ভোট হবে। তবে একটি একক নীতি বা বয়স নির্ধারণের ক্ষেত্রে সফল না হয়ে এখন আলাদা বয়স ঠিক করার চিন্তা করছে দেশগুলো।

অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সাটাগ্রাম এবং অন্যান্য সেবা ১৬ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য নিষিদ্ধ করার একটা প্রস্তাব আনা হয়েছিল তথ্য সুরক্ষা আইনে। তবে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্টানগুলো এই প্রস্তাবের বিরোধিতা করেছে।

ইউরোপিয় কমিশন এবং ইউরোপিয় পার্লামেন্ট গত সপ্তাহে মূল প্রস্তাবটা নিয়ে আসে যেখানে ১৩ বছর বয়সকে উপযুক্ত মনে করা হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার জন্য। সদস্য দেশ গুলো বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যক্তিগত তথ্য আদান প্রদানের ফলে অনেক কিশোর-কিশোরী প্রতারণা ও হয়রানি সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে যা তাদের মানসিক বিকাশ ব্যাহত করছে।

ইন্টারনেট সেফটি অর্গানাইজেশনদের জোট অবশ্য এক খোলা চিঠিতে বলছে অভিভাবকদের অনুমতি নেয়ার জন্য যদি বয়স বাড়িয়ে ১৩ থেকে ১৬ করা হয়, তাহলে অনেক তরুণ শিক্ষা ও সামাজিক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে।

এই তর্ক-বিতর্কের মধ্যে বৃহস্পতিবার ইউরোপিয় পার্লামেন্ট ভোটের মাধ্যমে ঠিক করা হবে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারে আসলে কোন বয়সটা সঠিক। আর এই বয়স সীমা চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে আগামী বছর পূর্ণ পার্লামেন্টে ভোটের মাধ্যমে।

ফেইসবুক এর ব্যবহার বা অপব্যবহার নিয়ে বাংলাদেশে সামাজিক এ মাধ্যমটি দু’দুবার বন্ধ করে দেয়া হয়েছিল। যদিও পরে খুলে দেয়া হয়েছে। এর ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে জার্মানিতেও চুক্তি হয়েছে ফেসবুকের সাথে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যবহার নিয়ে চলছে নানান আলোচনা-পর্যালোচনা। এরই ধারাবাহিকতায় এবার ইউরোপের দেশগুলোতে নতুন আইন পাস হতে যাচ্ছে।

জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম ব্যবহারে যেমন সুফল আছে, আছে চরম বিরম্বনাও। এটি সামাজিক যোগাযোগ রক্ষায় যেমন অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টিতেও কম দায়ী নয় ফেসবুক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026