শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সেখানকার সিলেটি ব্যক্তিরা সহযোগিতা করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সোমবার সংক্ষিপ্ত সফরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন সোমবার সকালে। যাত্রাবিরতির সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় টিউলিপ সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে সাংবাদিকদের জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
লন্ডন থেকে ঢাকায় ফেরার পথে সোমবার সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতী করেন। টিউলিপ সিদ্দিক এমপি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে দেড়ঘন্টার যাত্রা বিরতী শেষে স্বামী ক্রিস পার্সিকে নিয়ে লন্ডন থেকে বিমানের একটি ফ্লাইটে সোমবার দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাগ্নি।
বিমানবন্দর থেকে সরাসরি ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকীর বাসায় গেছেন টিউলিপ। বিকালে তার গণভবনে যাওয়ার কথা রয়েছে। ঢাকার পথে সিলেটে দেড় ঘণ্টা যাত্রা বিরতি ছিল টিউলিপের ফ্লাইটের। সেখানে সিলেটের সুধীজন ও আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে দেখা করেন। টিউলিপের মা শেখ রেহানাও ছিলেন সেখানে।
গত মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাংলার মেয়ে টিউলিপ। লেবার পার্টি থেকে আরও দুই বাঙালি নারীও এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেটে স্থানীয় নেতাদের সঙ্গে আলাপে টিউলিপ বলেন, আগামীতে বাঙালি পুরুষরাও ব্রিটিশ হাউস অফ কমন্সে আসন করে নেবেন বলে তিনি আশা করছেন। ভোটে জয়ের জন্য প্রবাসী বাংলাদেশি বিশেষ করে ‘সিলেটিদের’ আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করেন তিনি।
টিউলিপ বলেন, এই কৃতজ্ঞতা জানাতেই তিনি এই সফরে এসেছেন। শেখ রেহানা বলেন, লন্ডন-সিলেট আলাদা কোনো স্থান নয়। পঁচাত্তর পরবর্তী সময়ে আমরা যখন লন্ডনে ছিলাম, তখন প্রবাসী সিলেটিরাই আমাদেরকে সব ধরনের সহযোগিতা করেছিল।
মুসলিমদের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মন্তব্য নিয়েও কথা বলেন ব্রিটিশ এমপি টিউলিপ। তিনি বলেন, যুক্তরাজ্যে যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য তিনি বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া, সংসদ সদস্য এহিয়া চৌধুরী ও শাহানা রব্বানী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সেখানে ছিলেন।
লেবার পার্টির রাজনীতিতে উদীয়মান তারকা টিউলিপ সেপ্টেম্বরে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক শ্যাডো মিনিস্টার মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের (পিপিএস) স্থায়ী দায়িত্ব পান। এছাড়াও তিনি নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। টিউলিপের স্বামী ক্রিস পার্সি একজন ব্রিটিশ। ২০১৩ সালে রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর থাকার সময় যুক্তরাজ্যের এই নাগরিককে বিয়ে করেন টিউলিপ। টিউলিপ সন্তান সম্ভবা বলে গত মাসে খবর প্রকাশ হয়। আগামী এপ্রিলে তার সন্তান পৃথিবীর আলো দেখবে।