মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯

দীপিকাকে ছেড়ে রণবীর এখন আলিয়া’র সঙ্গে

দীপিকাকে ছেড়ে রণবীর এখন আলিয়া’র সঙ্গে

বিনোদন ডেস্ক: বক্স অফিসে পর পর মুখ থুবড়ে পড়েছে রণবীর কপূরের বেশ কয়েকটি ছবি। তালিকায় সর্বশেষ নাম ‘তামাশা’। দীপিকার সঙ্গে তাঁর বিখ্যাত কেমিস্ট্রিও কাজে আসেনি। তবু রণবীরেই ভরসা রাখছেন অয়ন। নিজের পরবর্তী ছবির জন্য রণবীর কপূরকে ছাড়া অন্য কারও কথা ভাবতেই পারছেন না পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তবে দীপিকার সঙ্গে আপাতত বিচ্ছেদ।

‘ড্রাগন’ এটাই নাম হচ্ছে অয়নের পরবর্তী ছবির। এখনও পর্যন্ত সে রকমই স্থির হয়েছে। স্ক্রিপ্ট তৈরি। প্রোডিউসার করণ জোহর। রণবীরের বিপরীতে থাকছেন আলিয়া ভট্ট। এক্কেবারে নতুন জুটি। রণবীরের সঙ্গে আলিয়ার কম্বিনেশন এই প্রথম দেখতে চলেছে বলিউড। পুরোপুরি আনকোরা কেমিস্ট্রি। জেন-ওয়াই-এর দুই হার্টথ্রব প্রথম বার জুটি বেঁধে পরস্পরে কেমন মজলেন, তা দেখার আকর্ষণেই ঝড় উঠতে পারে বক্স অফিসে।

এমনিতেই অয়ন-রণবীর জুটির কোনও মুভি এখনও পর্যন্ত হতাশ করেনি বক্স অফিসকে। প্রথম ছবি ‘ওয়েক আপ সিড’ বাণিজ্যিকভাবে দারুণ সফল। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সেই সাফল্যকেও অনেক গুণ ছাপিয়ে যায়। অয়নের পরিচালনায় রণবীরের পরবর্তী ছবিও বক্স অফিস কাঁপিয়ে দেবে। আশা পরিচালক এবং প্রযোজকের।

অয়ন অবশ্য মেনে নিলেন, রণবীরের পর পর কয়েকটি ছবি হিট করেনি। তবে তাকে গুরুত্ব দিতে রাজি নন তিনি। শুধু আলিয়া-রণবীর নয়, নিজের সঙ্গে রণবীরের বিশেষ কেমিস্ট্রিতেও ভরসা রাখছেন পরিচালক। ‘ড্রাগন’ গর্জন না করে আর যায় কোথায়!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026