শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপিকে নির্বাচন কমিশন বেশি সুবিধা দিচ্ছে। আওয়ামী লীগের এমন বক্তব্যকে বছরের শ্রেষ্ঠ তামাশা হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেছেন যে, নির্বাচন কমিশন বিএনপিকে বেশি সুবিধা দিচ্ছে। তার এই বক্তব্যটিকে বছরের শ্রেষ্ঠ আলোচিত তামাশা ছাড়া মানুষ অন্য কিছু ভাবতে পারছে না।
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ‘ডাকঘরে’ পরিণত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার ও নিশ্চুপ থাকে। এই নতজানু ভূমিকার জন্য ছি: ছি: করছে মানুষ। কমিশনের এই ভূমিকার কারণেই লক্ষ্মীপুরবাসী তাহের আতঙ্কে ভুগছে। ফেনীর নিজাম হাজারীর লোকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিয়ে।
রিজভী বলেন, পৌর নির্বাচনে বজ্জাত, খুনি, বদমায়েশ, দাম্ভিক, দাগি অপরাধীদের অপতৎপরতা অগ্রাহ্য করে নির্বাচনের দিন ভোট প্রদান করতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। সরকারি দুঃশাসনে সৃষ্ট সকল চড়াই-উতরাই অতিক্রম করে আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে হবে।
রিজভী অভিযোগ করেন, জামালপুরের মেলান্দহ, নেত্রকোনা দুর্গাপুরের বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সন্দীপ, খাগড়াছড়ির মাটিরাঙা, নোয়াখালীর চৌমুহনী, সাতক্ষীরার কলারোয়াসহ বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে।