বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩

আইএসের ভয়াল থাবা

আইএসের ভয়াল থাবা

শুভা জিনিয়া চৌধুরী: এ বছরটা ভালো যায়নি। তালেবান, বোকো হারাম, আল শাবাবের মতো জঙ্গিদের সামলাতে যখন বিশ্ব জেরবার, তখনই নাটকীয়ভাবে উত্থান ঘটে জঙ্গি দল ইসলামিক স্টেটের (আইএস)। শুরুটা হয় তাঁদের কাছে জিম্মি করে রাখা ব্যক্তিদের শিরশ্ছেদ করার মধ্য দিয়ে। এর পর চলতে থাকে তাণ্ডব। একের পর এক হামলা চালিয়ে বিশ্বকে অস্থির করে তোলে তাঁরা।

জঙ্গি হামলায় কেঁদেছে ফ্রান্সের প্যারিস, রক্তাক্ত হয়েছে মালি, আতঙ্কে কেঁপেছে ক্যালিফোর্নিয়া। নাইট ক্লাব, মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, পাতাল রেল—এসব বাদ যায়নি জঙ্গি হামলা থেকে। বিশ্ববাসী কেঁদেছে, জঙ্গি তৎপরতা দমনে বিশ্বনেতারা খেয়েছেন হিমশিম। এরই মধ্যে সদর্পে হামলা চালিয়ে গেছে আইএস। দেখিয়ে দিয়েছে, চাইলেই যেকোনো জায়গায় হামলা চালাতে পারে তাঁরা।

বরাবরের মতো এ বছরও পাকিস্তান ও আফগানিস্তানে জঙ্গি হামলা হয়েছে। এবার সাড়া ফেলেছে ইউরোপ, আফ্রিকা, এশিয়াজুড়ে একের পর এক জঙ্গি হামলা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও চলেছে বড় বড় হামলা। বছরের সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে এ বছরের নভেম্বর মাসে। এ মাসে ফ্রান্সের প্যারিস ও মালিকে কাঁপিয়েছে জঙ্গিরা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও। শুধু হামলা চালিয়ে মানুষ মেরেই ক্ষান্ত হয়নি আইএস, প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক স্থাপনাগুলোও ধ্বংস করেছে। এভাবে বছরজুড়ে জঙ্গি হামলায় ধ্বংসযজ্ঞ ঘটেছে বিশ্বে।

রক্তাক্ত প্যারিস

বছরের শেষদিকে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। সেখানকার বিভিন্ন এলাকায় ১৩ নভেম্বর হামলা হয়। এতে ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়। পরিস্থিতি সামলাতে হাবুডুবু খান দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

বছরের শুরুতে উগ্রপন্থীর গুলি ও বোমায় রক্ত ঝরেছিল ফ্রান্সে। এ বছরের ৭ জানুয়ারি প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো কার্যালয়ে জঙ্গি হামলায় ১১ জন নিহত হয়। এসব ছাড়িয়ে যায় প্যারিসের হামলা। ১৩ নভেম্বর রাতে প্যারিসের কনসার্ট হল, একাধিক রেস্তোরাঁ ও জাতীয় ক্রীড়া স্টেডিয়ামসহ অন্তত ছয়টি জায়গায় প্রায় একই সময়ে পরিচালিত হামলায় দেড় শতাধিক লোক নিহত হয়। উপর্যুপরি গুলি, বোমা ও আত্মঘাতী—এসব হামলায় আহত হয়েছে অন্তত ৩৫০ জন। কয়েকজন হামলাকারীও নিহত হয়। হামলার পর সদর্পে দায় স্বীকার করে আইএস। এতে প্যারিসের জনগণ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে ওলাদঁকে দুষতে শুরু করে। অভিযোগ তোলে, সিরিয়ায় হামলায় অংশ নেওয়া তার ঠিক হয়নি। এ জন্য মাশুল দিতে হচ্ছে তাদের।

মালির হোটেলে জঙ্গি হানা

প্যারিসে হামলার রেশ কাটতে না কাটতে ভয়াবহ হামলায় কেঁপে ওঠে বিশ্ব। এবারের হামলাটি ছিল আরও নাটকীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অভিজাত হোটেল র্যাডিসন ব্লুতে ২০ নভেম্বর বিদেশিসহ ১৭০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা। নয় ঘণ্টা পর এ জিম্মিদশার অবসান ঘটে। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন। প্রথমে সন্দেহের তির আইএসের দিকে গেলেও মালির জঙ্গি দল আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব এ হামলার দায় নেয়। জঙ্গিরা কূটনৈতিক নম্বর প্লেটধারী কয়েকটি গাড়িতে করে আসে। ওই হোটেলে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও ভারতের নাগরিকেরা ছিল।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দম্পতির গুলিতে নিহত ১৪

বছরের শেষে এসে ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছুটির দিনের উৎসবে সৈয়দ রিজওয়ান ফারুক (২৮) ও তাসফিন মালিক (২৭) দম্পতির গুলিতে প্রাণ হারায় ১৪ জন। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্ডিনো কাউন্টির একটি স্বাস্থ্যসেবাকেন্দ্রে ওই হামলা হয়। পরে পুলিশের গুলিতে নিহত হন দুই হামলাকারী। তদন্তের পর জানা যায় পাকিস্তানি বংশোদ্ভূত তাসফিন আইএসের সমর্থক ছিলেন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতে লস অ্যাঞ্জেলসের একটি বিলাসবহুল হোটেলে গুলিতে এক ব্যক্তি নিহত হয়।

সিরিয়ার স্কুলে আইএসের হামলায় নিহত নয় ছাত্রী

সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি স্কুলে ২৪ ডিসেম্বর আইএসের গোলা নিক্ষেপে প্রাণ হারায় নয়জন ছাত্রী। আহত হয় ২০ জন। সবচেয়ে চিন্তার কথা হলো, স্কুলটি ছিল সরকারি সেনাদের নিয়ন্ত্রণাধীন। সিরিয়ায় প্রায় সাড়ে চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সহিংস হামলার অন্যতম লক্ষ্যবস্তু বানানো হচ্ছে স্কুলগুলোকে।

লন্ডনে পাতালরেলে হামলা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক পাতাল রেলস্টেশনে ৫ ডিসেম্বর সন্ধ্যায় ‘এটা সিরিয়ার জন্য’ বলে চিৎকার করতে করতে হামলা চালায় এক দুর্বৃত্ত। তাঁর ছুরিকাঘাতে তিনজন আহত হয়। ব্রিটিশ পুলিশের সন্দেহ এটিও সন্ত্রাসী কাজ। এর সঙ্গে আইএস জড়িত থাকতে পারে।

তিউনিসিয়ায় হোটেলে হামলা

তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণের সুছা এলাকায় সৈকত-সংলগ্ন ইম্পেরিয়াল মারহাবা হোটেলে ২৬ জুন বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৩৭ জন নিহত হন। পরে হামলাকারীও নিহত হয়। এ হামলাতেও সন্দেহের তির যায় আইএসের দিকে।

থাইল্যান্ডে মন্দিরে হামলা

বছরের মাঝামাঝিতে ১৭ আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হিন্দু মন্দিরের সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৯ জন নিহত হয়। আহত হয় অন্তত ১২০ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বিদেশি পর্যটক। থাইল্যান্ডের সরকার বলেছে, দেশের অর্থনীতি ও পর্যটন শিল্প ধ্বংসের জন্যই এ হামলা হয়।

নাইজেরিয়া ও কেনিয়ায় একের পর এক হামলা

আফ্রিকা মহাদেশে চলেছে একের পর এক জঙ্গি হামলা। বছরের মাঝামাঝি সময়ে ৭ জুলাই নাইজেরিয়া ও কেনিয়ায় সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়। নাইজেরিয়ার ঘটনায় কেউ তাৎক্ষণিকভাবে দায়িত্ব স্বীকার না করলেও কেনিয়ার হামলায় সোমালিয়ায় সক্রিয় জঙ্গি ইসলামি সংগঠন আল শাবাব দায়িত্ব স্বীকার করেছে। প্রাথমিকভাবে জানা যায়, হামলার লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের হত্যা করা। অক্টোবর মাসে নাইজেরিয়ার মসজিদে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হন। এর আগে আগস্ট মাসে বাজারে বোমা বিস্ফোরণে নিহত হন ৪৭ জন। আগস্ট মাসে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থেকে ১৭৮ জন বন্দীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

আইএসের কবজায় সিরিয়ার পালমিরা

আইএসের তাণ্ডবে এ বছরে সিরিয়া হারিয়েছে ঐতিহ্যবাহী স্থাপনা। গত মে মাসে পালমিরা শহর দখলে নেয় আইএস। এর পর তারা সেখানকার ঐতিহাসিক নিদর্শন একের পর এক ধ্বংস করতে থাকে। আগস্টের শেষ দিনে আইএস গুঁড়িয়ে দেয় বেল মন্দির। শুধু তাই নয় এ মাসে দুই হাজার বছরের পুরোনো পালমিরার আরও দুটি মন্দির ধ্বংস করে আইএস। ২৫ আগস্ট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাল শামিন মন্দির ধ্বংস করে তারা। শুধু স্থাপনা ধ্বংস করেই ক্ষান্ত হয়নি আইএস। পালমিরায় ৮২ বছর বয়সী প্রত্নতত্ত্ববিদ খালেদ আল-আসাদের শিরশ্ছেদ করে।

শিরশ্ছেদে কুখ্যাত জিহাদি জন

শিরশ্ছেদের একের পর এক ভিডিও চিত্র প্রকাশ করেছে আইএস। এতে বারবার ফিরে এসেছে কুখ্যাত মোহাম্মাদ এমওয়াজি ওরফে জিহাদি জনের নাম। বছরের শুরুতে জিহাদি জনকে দেখা যায় জাপানি জিম্মি কেনজি গোতোকে শিরশ্ছেদ করার একটি অস্বস্তিকর ভিডিও চিত্রে। ফেব্রুয়ারিতে প্রকাশ পায় তাঁর নাম। পেন্টাগন দাবি করেছে ১২ নভেম্বর সিরিয়ার রাক্কা এলাকার কাছে আইএসের আলোচিত জঙ্গি ‘জিহাদি জনকে’ লক্ষ্য করে তারা বিমান হামলা চালায়। এতে তিনি নিহত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026