শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৩

বিক্ষিপ্ত সংঘর্ষ, মারামারি, ভোট কেন্দ্র দখল শেষে এখন চলছে ভোট গণনা (ভিডিও)

বিক্ষিপ্ত সংঘর্ষ, মারামারি, ভোট কেন্দ্র দখল শেষে এখন চলছে ভোট গণনা (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিক্ষিপ্ত গোলাগুলি, বোমাবাজি, কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগের মধ্য দিয়ে দেশব্যাপী পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। বুধবার সকাল আটটা থেকে ২৩৪টি পৌরসভায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।

পৌরসভা নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে ভোটারেরা ভোট দিয়েছেন। এখন ভোট গণনার পালা। নির্বাচন কমিশন মনে করছে, রাত আটটার পর থেকে মেয়র পদের বেসরকারি ফলাফল স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করবে। সেখান থেকে তা নির্বাচন কমিশনে আসবে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচনে ১৫৭ পৌরসভায় তাণ্ডব চালিয়েছে ক্ষমতাসীন দল। এদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কিছু লোকজন বাড়াবাড়ি করছে।

নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনে মোট ২৬৮টি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে। আর নির্বাচন কমিশন মোট ১৪টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছে। ২৩৪টি পৌরসভায় মোট ভোটকেন্দ্র ৩ হাজার ৫৫৫টি। চারটি পৌরসভায় বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় একজন নিহত হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতায় আরও অন্তত অর্ধশত আহত হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট স্থগিত করেছে কমিশন। এ ছাড়া অনিয়মের পুলিশের ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

নির্বাচন নিয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, জোর করে ব্যালট পেপারে সিল দেওয়া, বিএনপির নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া। নির্বাচন নিয়ে বিএনপি একাধিক বার নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। বিভিন্ন সময়ে দলটি কমিশনে গিয়ে অনন্ত ৯৪টি ভোটকেন্দ্রে অনিয়ম, ভোট কারচুপির কথা উল্লেখ করেছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টিও ২৫টি পৌরসভার ১৭৪টি কেন্দ্রে অনিয়ম, এজেন্ট বের করে দেওয়া ও কারচুপির অভিযোগ করেছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। দলটির অভিযোগ পুলিশের বাড়াবাড়ির কারণে এই ঘটনাগুলো ঘটেছে।

৭টিতে বিএনপি ও ১টিতে আ. লীগের বর্জন: এজেন্টদের মারধর ও ব্যালট পেপারে নিজেরাই সিল মারার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ ও ময়মনসিংহের গফরগাঁও, মাগুরা পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির পাঁচজন মেয়র প্রার্থী। আজ বুধবার সকালে পৌরসভার নির্বাচন চলাকালে তাঁরা এই ঘোষণা দেন।

এদিকে অনিয়মের অভিযোগ এনে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন বর্জন করেছে। একটি পৌরসভা ও ৮ পৌরসভার ১৪ কেন্দ্রে ভোট স্থগিত: অনিয়ম, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভোটকেন্দ্রে গুলি, ব্যালট পেপারে জোর করে সিল দেওয়ার অভিযোগে আটটি পৌরসভার ১৪টি কেন্দ্রের ভোট নেওয়া স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তারা এসব কেন্দ্রে ভোট নেওয়া স্থগিত করেন।

এর মধ্যে কুমিল্লার বরুড়া পৌরসভায় একটি ও হোমনা পৌরসভায় দুটি, চট্টগ্রামের চন্দনাইশ ও বাঁশখালী পৌরসভায় তিনটি, মাদারীপুরের কালকিনি পৌরসভায় দুটি, জামালপুরের সরিষাবাড়ীতে একটি, বরগুনায় একটি, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় চারটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।

নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে কমিশন। এখানে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতকানিয়ায় ভোটকেন্দ্রের বাইরে গুলিতে নিহত ১: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অনিয়মের অভিযোগ তুলে সাতকানিয়া পৌরসভার নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিল প্রার্থী আবদুল হালিম ও মোজাম্মেল হকের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গুলিতে নিহত ব্যক্তির নাম নুরুল আমিন (৪৭)। তাঁর বাবার নাম আবদুর রহিম। বাড়ি পৌরসভার একই ওয়ার্ডে।

বগুড়ায় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ: বগুড়া পৌরসভা নির্বাচনে আজ বুধবার অন্তত আটটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাপসী রাবেয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বেলা দেড়টা থেকে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজাহার আলী বলেন, এসব কেন্দ্রে ৪০ থেকে ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় ৮ নম্বর বুথে ঢুকে অন্তত ৩০০ ব্যালট পেপারে সিল মারে। তবে কোন প্রতীকে সিল মারে, তা জানা যায়নি।

পুলিশ ওই সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে চার-পাঁচটি গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউন্সিলর প্রার্থীর এজেন্ট মোসাদ্দেক আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

[youtube id=”sQ3uXCfT3AY” width=”600″ height=”350″]

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে সারাদেশে সহিংসতায় একজন নিহত হয়েছেন। সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত ৬০ জন। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংর্ঘষ ও গোলাগুলির ঘটনায় নুরুল আমিন নামে একজন নিহত হয়েছেন।

এছাড়া নড়াইলে গুলিবিদ্ধ হয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে অন্তত ২৩ জনকে।

চট্রগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংর্ঘষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত নুরুল আমিনকে (৩৮) যুবদল কর্মী দাবী করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, গুলিতে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন পথচারী।

ফেনী

জেলার দাগনভূঞা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন হামলার শিকার হয়েছেন। এই জেলায় জাল ভোট দেওয়ার অপরাধে ১৯ জনকে আটক করা হয়েছে।

শেরপুর

জেলার শ্রীবরদী পৌরসভা নির্বাচনে এপিপিআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফকির মাহমুদ (৬৫) ও আজিজল হকসহ (৪৫) ৩ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জ

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় সুনামগঞ্জে দুই সাংবাদিক আহত হয়েছেন। সুনামগঞ্জ সদর পৌরসভার সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় বুধবার দুপুর পৌনে ১২টার দিকে দৈনিক সংবাদের সুনামগঞ্জ প্রতিনিধি লতিফুর রহমান রাজু ও চ্যানেল টোয়েন্টিফোরের মাইদুল রাসেলকে মারধর করা হয়।

টাঙ্গাইল

জেলার ভুয়াপুর উপজেলার বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বিরোধী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চলসহ ২০ জন আহত হয়েছেন।

নারায়ণঞ্জ

জেলার সোনারগাঁও ইনস্টিটিউট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও এর বিদ্রোহী প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোনারগাঁও থানার ওসি ও এক যুবক আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— সোনারগাঁও থানার ওসি এস এম মঞ্জুর কাদের ও ভোট দিতে আসা যুবক রাসেল (২৮)। জেলার রূপগঞ্জ মাসাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক বাবুল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। তিনি রূপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে জাল ভোট দিচ্ছিলেন।

গাইবান্ধা

জেলার গোবিন্দগঞ্জ পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়রপ্রার্থী মতিন মোল্লাকে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

জামালপুর

জামালপুর পৌরসভা নির্বাচনে ছয়টি ভোটকেন্দ্রে বিএনপি ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ

জেলার শৈলকুপার ললিত মোহন ভুইয়া সরকাররি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, শৈলকুপা পৌরসভার ললিত মোহন ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী খান সবুর ও নাজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের আসা নিয়ে এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটের আঘাতে মাঠপাড়া গ্রামের বকুল জোয়ার্দ্দারসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নড়াইল

কালিয়া উপজেলায় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক কাউন্সিলর প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে দুটি কেন্দ্রে ভোট স্থগিত ও এক যুবককে ছয় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী

নগরীর পুঠিয়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিধি লঙ্ঘনের অভিযোগে দৈনিক সমকাল ও এটিএন নিউজের রাজশাহী ব্যুরোপ্রধানসহ তিন সংবাদকর্মীকে আটক করা হয়েছে। পুঠিয়া পৌরসভার বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পে মঙ্গলবার রাতে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।

কিশোরগঞ্জ

জেলার বাজিতপুর পৌরসভার ভোটকেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার গুজবকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। ৫ এসআই বহিস্কার দায়িত্ব অবহেলার কারণে পুলিশের পাঁচজন এসআইকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের চন্দনাইস এলাকার তিনজন ও মাদারীপুরের কালকিনির দুইজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026