শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রথম বারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে ভোটগ্রহণের আগেই সাতটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেই হিসাবে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীরা ১৯৫টি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন। এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ হয়।
২২৭টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থীরা ১৭৮টি পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছে। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি লাঙল
প্রতীকে মাত্র একটি পৌরসভায় নির্বাচিত হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ধানের শীষ প্রতীকে ২২টি পৌরসভায় জয়ী হয়েছে।
বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। এর মধ্যে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অভিযোগে সাতটি পৌরসভার কিছু কেন্দ্রে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এর মধ্যে নরসিংদীর মাধবদী পৌরসভার পুরো নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে দুটি পৌরসভায় নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছেন ১৮ জন বিদ্রোহী। এক্ষেত্রে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে নির্বাচিত হয়েছেন ছয়টি পৌরসভায়।