শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের পাঞ্জাবে রাজ্যের পাঠানকোট বিমান বাহিনী ঘাটিতে সন্ত্রাসী হামলার পর চার জঙ্গি ও ভারতীয় বিমান বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। পরে আরেক ভারতীয় সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছিল এনকাউন্টার শেষ হয়েছে। চলছে সাড়াশি অভিযান।
শনিবার ভোর সাড়ে তিনটার দিকে অফিসিয়াল একটি গাড়িতে করে ঘাটিতে প্রবেশ করে সন্ত্রাসীরা। হামলাকারীরা সামরিক পোশাক পরা ছিল। সকাল ১০ টা পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এতে চার জঙ্গি নিহত হয়।
ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোর্টে বিমান বাহিনীর ঘাঁটিতে আজ ভোরে হামলা চালায় ছয় জঙ্গি। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে বেলা ১০টা পর্যন্ত চার জঙ্গি ও ২ জন বিমানবাহিনীর কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দিন রাত সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরের বিমান বাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়ে ছয় জঙ্গি।
এরা প্রত্যেকেই বিমান বাহিনীর পোশাকে ছিল বলে জানা গেছে। ঘাঁটির যে অংশে যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা থাকে সেদিক থেকে হামলা চালাতে শুরু করে জঙ্গিরা। বিমান বাহিনীর ঘাঁটির মূল্যবান সামগ্রী নষ্ট করার উদ্দেশ্যেই এই হামলা বলে ধারণা করা হচ্ছে। সন্দেহের তীর জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের দিকে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গত শুক্রবার গুরুদাসপুর এসপির ছিনতাই হওয়া গাড়িতে করেই জঙ্গিরা বিমান বাহিনীর ঘাঁটিতে প্রবেশ করেছিল। এই গাড়ি ছিনতাইয়ের পরেই জঙ্গি হামলার আশঙ্কায় গতকাল রাতেই বিমান বাহিনীর অফিসারদের নিয়ে দিল্লিতে ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভাল জরুরি বৈঠকে বসেছিলেন। নিরাপত্তাও বাড়ানো হয়েছিল। সেনাপ্রধানদেরও সতর্ক করা হয়েছিল। এই সতর্কতার ফলেই বিমানঘাঁটিতে প্রবেশের পর জঙ্গিদের পাল্টা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বিমান বাহিনীর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের। দীঘ ৬ ঘণ্টায় জঙ্গিদের মোকাবিলা করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। জম্মু ও কাশ্মীর থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী আনা হয়েছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে। পাঠানকোট-জম্মু হাইওয়েতে সতর্ক প্রহরা শুরু হয়েছে। বাকি জঙ্গিরা যাতে পালাতে না পারে সেজন্য হোটা বিমান ঘাঁটি এলাকা ঘিরে রাখা হয়েছে। দিল্লিতে সেনাবর্তারা বৈঠকে বসে গোটা ঘটনার পর্যালোচনা করছেন। গুরদাসপুরে জঙ্গি হামলার মাত্র ছ’মাসের মধ্যে ফের এক বার রক্তাক্ত হয়েছে পাঞ্জাব। এদিকে ভারতের জাতীয় উপদেষ্টা ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন।
সর্বশেষ খবরে বলা হচ্ছে, বিমান ঘাঁটির ভেতর থেকে আবারও গুলির শব্দ শোনা গেছে। আরেক জন সন্ত্রাসী এখনও রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। উল্লেখ্য, গতকাল পাঠানকোট বিমানঘাটিতে সম্ভাব্য হামলার সতর্কতা দিয়েছিল ভারতীয় গোয়েন্দারা। বিমানঘাটিটি পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরত্বে।