বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫

নির্যাতিত নাসিমা দুবাই থেকে ওমানে, অতঃপর…

নির্যাতিত নাসিমা দুবাই থেকে ওমানে, অতঃপর…

রোকনুজ্জামান পিয়াস: সকালে একটা পাতলা রুটি। ৪-৫ দিন পরপর রাতে একমুঠো ভাত। সারাদিন কঠোর পরিশ্রম। এভাবেই দিনের পর দিন কেটেছে রাজবাড়ীর জেলার কালোখকালি উপজেলার কামিয়া গ্রামের গৃহবধূ নাসিমা বেগমের। ভাগ্য বদলের আশায় তিনি গিয়েছিলেন দুবাইয়ে। বাসাবাড়িতে কাজ দেয়ার কথা বলা হয়েছিল তাকে।

কিন্তু দেশটিতে যাওয়ার পরপরই তাকে নানা কুপ্রস্তাব দেয়া হয়। ওই প্রস্তাবে রাজি না হওয়াই নেমে আসে নির্যাতনের খড়গ। না খেয়ে থাকতে থাকতে রোগাগ্রস্ত হয়ে পড়েন। এখন ভুগছেন পেটের পীড়ায়। পেটে অসহ্য ব্যথা শুরু হলেও রেহাই পাননি তিনি।

ওই অবস্থায় পেটে গামছা বেঁধেই কাজ করতে হয়েছে দিনের পর দিন। অনুনয়-বিনয় করলে চলেছে অমানুসিক নির্যাতন। জুটেছে জুতাপেটাও। দিনের পর দিন কাজ করে গেছেন বিনা বেতনে। ভাগ্য বদলে অন্যত্র কাজ নিলেও সেই বেতনের টাকা গেছে দালালের পকেটে।

সর্বশেষ দুবাই থেকে দালালচক্র তাকে পাচার করে দেয় ওমানে। সেখান থেকে পেটের পীড়া নিয়ে দেশে ফেরেন নাসিমা বেগম। ওমান থেকে দুবাই হয়ে দেশে ফেরেন তিনি। নাসিমা বেগম জানান, গত রমজানের দেড় মাস আগে তিনি সামিরা ট্রাভেলস-এর মাধ্যমে দুবাই যান। এলাকার চানু নামে এক দালাল তাকে গৃহকর্মী হিসেবে ৭৫০ দিরহামে কাজ দেয়ার কথা বলে ওই ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করে দেয়। এজন্য তার মাধ্যমে ট্রাভেল এজেন্সিকে ৬০ হাজার টাকাও দিয়েছিলেন। দেশটিতে পৌঁছানোর পর নার্গিস নামে বরিশালের একজন তাকে দুবাইয়ের রাসেল কাইমা এলাকার একটি বাসা বাড়িতে কাজ দেন।

ওই বাসায় ৪ জন মহিলা ও পুরুষ থাকতেন। ২-৩দিন পর অ্যারাবিয়ান এক মেয়ে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। নাসিমা জানান, তাকে খারাপ জায়গায় নিয়ে গিয়ে খারাপ কাজ করতে বলে। এভাবে বেশ কয়েকদিন বেশ কয়েক জায়গায় নিয়ে যায়। কিন্তু তিনি ওইসব প্রস্তাবে রাজি হননি। ফলে তাকে বাসায় এনে মারধর করে। সেখানে তাকে প্রতিদিন সকালে পাতলা একটি রুটি খেতে দিতো।

আর সারাদিন কঠোর পরিশ্রম করাতো। তাকে বাড়ির ভেতরেই আটকে রাখে। সেখানে কোনো বাঙালির সঙ্গেও যোগাযোগ করতে পারেননি। এমনকি নার্গিসও তার কোনো খোঁজ নেয়নি। বাসার অন্যরা বাইরে থেকে খেয়ে আসতো। ৪-৫দিন পর একদিন রাতে রান্না হতো। ওই দিন তাকে একমুঠো ভাত খেতে দিতো। এভাবে ২ মাস ৯দিন থাকার পর একদিন ওই মহিলা নার্গিসের অফিসে নিয়ে আসে। নাসিমা এসব অভিযোগ করলে নার্গিস তাকে দুই গালে বেশ কয়েকটা চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে কান্নাকাটি করলে পায়ের জুতা খুলে তাকে মারতে যায়।

পরে সামিরা ট্রাভেলস-এর ঢাকা অফিসের এক কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি ৩ মাস পর দেশে ফেরত আনার কথা জানান। পরে আবারও তাকে ওই বাসায় ফেরত পাঠায়। বাসার সেই মহিলা আবারও তাকে খারাপ কাজের জন্য চাপ দেয়। কিন্তু রাজি না হওয়ায় আগের মতই নির্যাতন চলতে থাকে। নাসিমা জানান, তারা প্রথমদিকে তারা বাড়িতে কথা বলতে দিতো, কিন্তু পরে নার্গিস নিষেধ করে দেয়ার পর আর কথা বলতে দেয়নি। এর ১৪ দিন পর তারা তাকে নার্গিসের অফিসে রেখে আসে।

কিন্তু তাকে কোনো বেতন দেয়নি। নার্গিস প্রতিদিন তাকে সকাল বেলা অফিসে নিয়ে আসতো এবং দুপুরে বাসায় নিয়ে যেতো। কোনো বাংলাদেশির সঙ্গে তার দেখা করতে দেয়নি। কয়েকদিন পর ইমারত এলাকায় আরেকটি বাসায় কাজ দেয়। আগের বাসার কাজ করার টাকা চাইলে নার্গিস তাকে বলে ‘তোর টাকার চিন্তা করা লাগবে না’। পরে মারধরের ভয়ে আর টাকা চাননি। ইমারত এলাকার ওই বাসায় দেড় মাস কাজ করার পর পেটে ব্যথা শুরু হয়। এ ব্যথার তীব্রতা দিন দিন বাড়তেই থাকে।

তাই পেটে গামছা বেঁধে না খেয়েই তাকে কাজ করতে হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় দেড় মাস পর বাড়ির মালিক তাকে নার্গিসের অফিসে নিয়ে আসে। তারা দেড় মাসের বেতন দেয়। কিন্তু নার্গিস নাসিমাকে ওই বেতনের টাকা দেয়নি। উপরন্তু পরদিন শ্রীলঙ্কান এক মহিলা এসে তাকে নিয়ে যায়। বলে, তাকে ওমানে পাঠানো হচ্ছে। যেতে না চাইলে মহিলা তাকে লাথি মারে। জোর করে তাকে ওমানে নিয়ে এক বাসায় কাজ দেয়।

কিন্তু তার পেটের ব্যথা এতই বেড়ে যায় যে তিনি কাজ করতে পারছিলেন না। পরে ৩ মাস কাজ করার পর বেতনের টাকা দিয়ে তাকে দেশে পাঠিয়েছেন ওমানের গৃহকর্তা। এদিকে নাসিমার স্বামী খলিল অভিযোগ করে বলেন, নাসিমাকে ফেরত আনার জন্য ট্রাভেলস এজেন্সির মালিক মোহাম্মদ ইয়াহিয়াকে ফেরত আনার কথা বললে তিনি দুই লাখ টাকা দাবি করেন। নাসিমা বলেন, পেটের ব্যথার কারণে স্থির থাকতে পারি না। এখন আর খেতেও পারি না।

এ ব্যাপারে সামিরা এয়ার ট্রাভেলস-এর মালিক মোহাম্মদ ইয়াহিয়াকে নাসিমার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এখন এইভাবে মুখস্থ কথা বলতে পারবো না। ফেরত আনার জন্য ২ লাখ টাকা দাবির ব্যাপারে তিনি বলেন টেলিফোনে সব কথা বলা যাবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026