শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঢাকার বস্তিবাসী দরিদ্র শিশুরাই তার ধ্যান-জ্ঞান। মমতার বাঁধনে বেঁধে রেখেছেন ঢাকার ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে। দীর্ঘদিন ধরে তাদের পড়াশোনাসহ যাবতীয় ব্যয় বহন করে আসছেন। সেখানেই থেমে থাকেন নি।
সুবিধাবঞ্চিত এসব শিশুর জন্য তহবিল গঠনে কঠিন এক লক্ষ্য নির্ধারণ করেন। ১০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করতে পরপর সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন দৌড় সম্পন্ন করার সংকল্প করেন। বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ১১ দিনের মাথায় ‘৭৭৭ চ্যালেঞ্জ’ খ্যাত এই লক্ষ্য সম্পন্ন করেন তিনি।
ঢাকার শিশুদের জন্য কঠিন এই লক্ষ্য অর্জন করা ব্যক্তিটি হলেন মারিয়া কনসিকাও। পর্তুগিজ এই নারীর অনন্য উদ্যোগ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এবারে, গিনেস বুক অব রেকর্ডস আনুষ্ঠানিকভাবে তাকে ‘৭৭৭ চ্যালেঞ্জ’ সম্পন্ন করার স্বীকৃতি দিয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি এ স্বীকৃতি দিয়েছে গিনেস। মারিয়া এক সময় এমিরেটস এয়ারলাইন্সের বিমানবালা ছিলেন। ঘুরে বেড়িয়েছেন নানা দেশ। এমনই ঘুরতে ঘুরতে ২০০৫ সালে ঢাকায় ২৪ ঘণ্টার এক কর্মবিরতি পান মারিয়া।
ওই সময়ই এক বস্তি পরিদর্শন করে বদলে যায় তার জীবন। বস্তির দারিদ্র্যক্লিষ্ট শিশু-কিশোরদের মানবেতর জীবন গভীরভাবে নাড়া দেয় মারিয়াকে। তাদের জন্য একটু উন্নততর জীবন নিশ্চিত করতে কাজে নেমে যান মারিয়া। নিজের উদ্যোগেই তিনি গড়ে তোলেন মারিয়া ক্রিস্টিনা ফাউন্ডেশন (এমসিএফ)। এই ফাউন্ডেশনের আওতায় এখন দুইশ’ শিশুর পড়ালেখাসহ যাবতীয় খরচ চালানো হচ্ছে। এই দুইশ’ সন্তানকে নিজের সন্তানের স্নেহেই দেখভাল করছেন মারিয়া।
এই ফাউন্ডেশনের খরচ মেটাতেই অর্থ সংগ্রহে নামতে হয় মারিয়াকে। আর সে কারণেই তিনি সাত দিনে সাতটি মহাদেশে সাতটি ম্যারাথন সম্পন্ন করার কঠিন লক্ষ্য গ্রহণ করেন। গেল বছরের ফেব্রুয়ারির ৮ তারিখে ‘৭৭৭ চ্যালেঞ্জ’ সম্পন্ন করার লক্ষ্যে নেমে পড়েন মারিয়া; তার সঙ্গী হন আরও দুইজন। এরপর আবুধাবি, প্যারিস, তিউনিস, নিউ ইয়র্ক ও চিলির পুনটা অ্যারেনা হয়ে ম্যারাথন শেষ করেন এন্টার্কটিকার কিং জর্জ দ্বীপে। সাত দিনে সাতটি ম্যারাথন সম্পন্ন করার লক্ষ্য থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত তার ম্যারাথন শেষ করতে সময় লাগে ১০ দিন ২৩ ঘণ্টা ৩০ মিনিট। এর আগের রেকর্ড ৪৮ দিনের হওয়ায় যোজন যোজন ব্যবধানেই নতুন রেকর্ড করতে সক্ষম হন মারিয়া। এখন আনুষ্ঠানিকভাবেই প্রতিটি মহাদেশে দ্রুততম সময়ে ম্যারাথন সম্পন্ন করা নারী মারিয়া।
এছাড়া প্রতিটি মহাদেশে সবচেয়ে কম সময়ে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথন সম্পন্ন করা নারীও তিনি। প্রতিটি মহাদেশে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথন সম্পন্ন করার মোট সময়েও রেকর্ড বুকে তিনিই এগিয়ে রয়েছেন। নতুন এই তিন রেকর্ডসহ এখন মারিয়ার সঙ্গী মোট ছয়টি বিশ্বরেকর্ড। গিনেস বুকের আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিক্রিয়ায় মারিয়া বলেন, ‘আমার এখন বিশ্বাস করতে কষ্ট হয় যে, আমি ১১ দিনের মধ্যেই এই চ্যালেঞ্জ সম্পন্ন করতে পেরেছি। আমি দৌড়াতে একেবারেই পছন্দ করি না। আমি দ্রুত দৌড়াতেও পারি না।
কিন্তু এই চ্যালেঞ্জ সম্পন্ন করার জন্য আমি এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে, কোনো বাধাই আমাকে আটকাতে পারেনি। অন্যকে সহায়তা করতে আমার যে প্রতিশ্রুতি, তাই আমাকে এই চ্যালেঞ্জ উৎরাতে সহায়তা করেছে। আমাকে দৌড়াতে হয়েছে আমার দুইশ’ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য।’ মারিয়া বলেন, তার দুইশ’ সন্তানের চিন্তাই তাকে ম্যারাথনের চ্যালেঞ্জের সব ধরনের প্রতিবন্ধকতা জয়ের রসদ জুগিয়েছে। বলতে গেলে মারিয়া ক্রিস্টিনা
ফাউন্ডেশনের আওতাধীন শিশু-কিশোরদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলাই এখন মারিয়ার ধ্যান-জ্ঞান। তবে এখানেই থামতে চান না মারিয়া। ২০১৬ সালেও নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চান মারিয়া। চ্যালেঞ্জ সম্পর্কে না জানালেও এটা ‘৭৭৭ চ্যালেঞ্জে’র চাইতেও কঠিন হবে বলে জানিয়েছেন তার এক সঙ্গী।