ইমাদ উদ দীন: মৌলভীবাজারে চলছে জমজমাট অবৈধ দৈনিক র্যাফেল ড্র নামের লটারির ব্যবসা। প্রতিনিয়তই এমন লোভনীয় ব্যবসার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে নিম্ন আয়ের সাধারণ মানুষ। মাথাই নষ্ট মামা কিংবা উঠাও বাচা নাড়িয়া ছাড়িয়া একটা। গাড়ি দিয়ে মাইকযোগে জেলার নানা স্থানে ২০ টাকা মূল্যের লটারি বিক্রেতাদের এমন হাঁকডাক আর ওই গাড়ির ওপরে রাখা পুরস্কারের মোটরসাইকেল আকৃষ্ট করছে যে কাউকে।
মাসব্যাপী চলা এমন লটারি ব্যবসায় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও কোটি কোটি টাকা লুটে নিচ্ছে সংশ্লিষ্ট লটারি ব্যবসায়ীরা। প্রতিদিনই প্রসাশনের নাকের ডগায় এমন রমরমা লটারি বাণিজ্য হলেও রহস্যজনক কারণে প্রশাসন নির্বিকার। লোভনীয় নানা পুরস্কার পাওয়ার নেশায় প্রতিদিনই লটারি কিনে ফতুর হচ্ছেন জেলার বিভিন্ন উপজেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। যে কোনোভাবেই প্রতিদিন লটারির টাকা জোগানে তারা মরিয়া।
এতে চুরি ডাকাতি ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন জনগণ। তারা স্থানীয় প্রসাশনের কাছে লটারি বন্ধের জন্য আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখ রাসেল শিশু উদ্যান বিজয় মেলার নামে ভাড়া নিয়ে ওই স্থানে এসব অবৈধ লটারি ব্যবসায়ী প্রতিদিনই অভিনব পন্থায় লোভনীয় পুরস্কার দেয়ার নামে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
আর নানাভাবে কৌশলে স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলকে হাত করে মাসব্যাপী অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছে এ মাঠ ভাড়া দিয়েছেন লিটন নামের জনৈক লটারি ব্যবসায়ী। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা। জানা যায়, মেলার নামে অনুমোদন নেয়া ওই স্থানটির মেয়াদ ৩১শে ডিসেম্বর শেষ হলেও জানুয়ারি মাসেও মেলা ও লটারির টিকেট বিক্রি অব্যাহত রয়েছে।
একটি সূত্র জানায়, তারা পাঁয়তারা করছে মার্চ মাস পর্যন্ত এ মেলা ও লটারি বিক্রির সময় বাড়ানোর। গতকাল সরেজমিন মেলায় দোকান নিয়ে বসা ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা যায়, প্রতিদিন তাদের কাছ থেকে ভাড়া বাবত মেলার আয়োজকরা দেড় হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই প্রায় ১০ লক্ষাধিক টাকার লটারির টিকিট বিক্রি করে ১-২টি মোটরসাইকেল ছাড়া দায়সারা কয়েকটি পুরস্কার দিয়ে মানুষের সঙ্গে প্রতারণায় মাধ্যমে ওই চক্রটি হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা। লোভনীয় পুরস্কারের আশায় লটারি ক্রয় করে নিঃস্ব হচ্ছে জেলার শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। লটারির টিকিট বিক্রির জন্য জেলার সব উপজেলা শহরে অর্ধশতাধিক গাড়ি মাইকযোগে লটারি বিক্রির কার্যক্রমে মারাত্মক শব্দদূষণে অতিষ্ঠ শহরের জনজীবন। শ্রীমঙ্গলের যে স্থানে মেলা ও এই অবৈধ লটারি টিকিট বিক্রির উৎপত্তিস্থল, এর পাশেই রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন থেকে চলা লটারি ও মেলার কারণে শিক্ষার্থীরাও হচ্ছেন ক্ষতিগ্রস্ত।
এছাড়া অভিযোগ উঠেছে, মেলার আশপাশে সন্ধ্যার পর থেকে উঠতি বয়সী ছেলে ও যুবকরা নেশা সেবন করে মাতলামি করে। মেলা শুরু থেকেই এখানে নিরাপদে মাদক সেবন ও বিক্রি করছে তারা। জানা যায়, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের নামে মেলার অনুমোদন নেন ফোরকান উদ্দিন নামক একজন মুক্তিযোদ্ধা। যার প্রাথমিক অনুমোদন ছিল ২০শে ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে তা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলেও তিনি জানান, মেলার অনুমোদন তার নামে হলেও অন্তরালে থেকে এই মেলা পরিচালনা করছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন প্রভাবশালী নেতা। তিনি বলেন, নিয়ম অনুযায়ী শুধু আমার নাম ব্যবহার করে অনুমোদন আনা হয়েছে।
তিনি বলেন, আমি একজন সংস্কৃতি কর্মী হওয়ায় বিজয় মেলার জন্য আগ্রহী ছিলাম। কিন্তু বিজয় মেলার নামে এমন অবৈধ লটারি বাণিজ্য আর তা নিয়ে সাধারণ মানুষের নানা সমালোচনায় একজন মুক্তিযোদ্ধা হিসেবে খারাপ লাগছে। জানা যায়, উপজেলা প্রশাসন থেকে অনুমোদন দেয়া কাগজে মাইক ব্যবহার না করা, লটারি বিক্রি না করা ও মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান পরিচালনাসহ বিভিন্ন শর্ত জুড়ে দিলেও কোনো শর্তই তারা পূরণ করেনি বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুমুদ রঞ্জন দেব জানান, এই মেলা বা লটারি বিক্রির সঙ্গে কোনোভাবেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জড়িত নয়।
তিনি বলেন, মেলার প্রথমদিনই মুক্তিযোদ্ধা সংসদের নামে বাজারে লটারির টিকিট বিক্রি করে ওই চক্র। তিনি এতে বাধা দিলে পরের দিন থেকে দৈনিক বিজয় আনন্দ র্যাফেল ড্র নামে লটারি বিক্রি করছে তারা। তিনি তা বন্ধে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন। এ ব্যাপারে মেলা ও লটারি আয়োজনে অভিযুক্ত লিটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি কোটি টাকা আয়ের এই অবৈধ লটারি মেলা আগামী ২৬শে মার্চ পর্যন্ত বাড়ানোর পাঁয়তারা করছে ওই চক্রটি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত বৈদ্য জানান, মেলার কারণে শ্রীমঙ্গলের ব্যবসায়ীরা ক্ষতি হচ্ছেন। এটি বন্ধ না করলে স্থানীয় জনগণসহ ব্যবসায়ীদের নিয়ে তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। সম্প্রতি মেলা ও অবৈধ লটারি বন্ধের দাবিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, লটারি বিক্রির বিষয়টি আমার জানা নেই। তবে অনুমোদনবিহীন এরকম অবৈধ কোনো লটারি জেলার কোথাও বিক্রি হলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোঁজ নিয়ে তা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।