সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্রপ্রাপ্তি রোধে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে পশ্চিমা দেশগুলো এ পদক্ষেপ নিয়েছে।

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করে জানিয়েছে, চুক্তির অধীনে ইরানও নিজেদের প্রাথমিক বাধ্যবাধকতা পূরণ করেছে। এরপরই অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ খবর দিয়েছে বিবিসি।

ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় এ চুক্তি অবদান রাখবে। গত বছরের জুলাইয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে এ যুগান্তকারী চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের ফলে কয়েক হাজার কোটি ডলারের বাজেয়াপ্ত সম্পত্তি ফিরে পাবে ইরান।

এছাড়া ইরান নিজেদের তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারবে। আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছে, তাদের পরিদর্শকরা নিশ্চিত করেছে যে, ইরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

চুক্তির অংশ হিসেবে নিজেদের সেন্ট্রিফিউজের সংখ্যা ব্যাপকহারে কমাতে হয়েছে ইরানকে। এছাড়া আরাক শহরে অবস্থিত একটি ভারী পানি-চুল্লী বন্ধ করতে হয়েছে দেশটিকে। সেন্ট্রিফিউজ ও ভারী-পানি চুল্লী পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারতো।

ইরান সবসময়ই দাবি করে তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ। কিন্তু কিছু রিপাবলিকানদের মতো চুক্তিবিরোধীদের যুক্তি, ইরানের পারমাণবিক বোমা প্রাপ্তি সম্পূর্ণ বন্ধ করতে এ চুক্তি যথেষ্ট নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও ইরানের ওপর আমেরিকার পরমানু-সম্পর্কিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

ভিয়েনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বক্তৃতাকালে জন কেরি বলেন, ইরান গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ, অনেক মানুষের সন্দেহ ছিল এসব পদক্ষেপ দেশটি আদৌ গ্রহণ করবে কিনা।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় উষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জন করে বলেছেন, গত জুলাইয়ের চুক্তির ফলে, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে ও পুরো বিশ্বে আমাদের বন্ধু ও মিত্ররাষ্ট্রসমূহ আগের চেয়ে নিরাপদ, কারণ পারমাণবিক অস্ত্রের হুমকি কমিয়ে আনা হয়েছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে অঙ্গিকার লঙ্ঘণের অভিযোগ তুলে বলেন, চুক্তি স্বাক্ষরের পরও পারমাণবিক অস্ত্রপ্রাপ্তির উচ্চাকাঙ্খা থেকে ইরান সরে আসেনি।

মার্কিন রিপাবলিকান দলের স্পিকার পল রায়ান এক বিবৃতিতে বলেন, আজকে ওবামা প্রশাসন বিশ্বে সন্ত্রাসবাদের শীর্ষ পৃষ্ঠপোষক রাষ্ট্রটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যমন্ড বলেন, বছরের পর বছর ধরে ধৈর্যশীল ও অধ্যাবসায়ী কূটনীতি ও কঠিন প্রযুক্তিগত কাজ শেষে ফল পাওয়া গেছে। আমরা এখন চুক্তি বাস্তবায়ন করছি।

এর আগে শনিবার ইরান ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক জ্যাসন রেজাইয়ান সহ তিন ইরানিয়ান-আমেরিকান বন্দীকে মুক্তি দিয়েছে। বিনিময়ে নিষেধাজ্ঞা লঙ্ঘণের দায়ে আটক সাত ইরানিয়ান নাগরিককে মুক্তি দেবে যুক্তরাষ্ট্র। অপরদিকে আইএইএ জানিয়েছে, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে একটি ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে। ফলে ওই স্থাপনায় ইরানের কর্মকা- সরাসরি প্রত্যক্ষ করা যাবে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭% ’র বেশি করা যাবে না।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ব্যপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে। ২০১২ সাল থেকে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি থেকে ১৬০০০ কোটি ডলারের লাভ থেকে বঞ্চিত হয়েছে ইরান। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে, আবারও আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে দেশটি।

এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো আবারও বাণিজ্যের জন্য ব্যাবহার করতে পারবে ইরান ও দেশটির ব্যবসায়ীরা। বর্তমান বিশ্বে ইরান চতুর্থ বৃহত্তম তেল সংগ্রাহক। এছাড়া বিশ্বব্যাপী বাজেয়াপ্ত নিজেদের ১০০০০ কোটি ডলারের সম্পত্তি ফিরে পাবে ইরান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026