শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আলিঙ্গন প্রিয় মানুষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাপ্তরিকভাবে স্থানীয় বা আন্তর্জাতিক যে নেতার সাথেই মিটিং হোক না কেন মোদি তাকে আলিঙ্গন করবেনই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন স্পৃশ্য মানুষ বা আলিঙ্গনকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন দুনিয়াজুড়ে।।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ এ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ভারতে আগমন করলে মোদির আলিঙ্গনপ্রিয়তা আবারো আলোচনায় উঠে আসে। সাধারণত মোদি সব বিশ্ব নেতাকে উষ্ণ আন্তরিকতার সাথে জড়িয়ে ধরেন। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে অত্যন্ত বিশ্রীভাবে আলিঙ্গন করেছেন। বুকে জড়িয়ে ধরার পর ওঁলাদ যখন মোদির দিক থেকে বিপরীত দিকে ঘুরছিলেন তখন মোদি পেছন থেকে ওঁলাদের কোমর জড়িয়ে ধরেন।
মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকে যত বিশ্বনেতার সাথে মিলিত হয়েছেন সবাইকেই আলিঙ্গন করেছেন এবং তিনি এটা বন্ধ করবেন বলেও মনে হয় না। এই আলঙ্গিনের দৃশ্য উপস্থিত ফটোগ্রাফাররা সঙ্গে সঙ্গেই ক্যামেরাবন্দী করেন। কিছু সময়ের মধ্যেই ছবিটি ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভারতীয় মোদির এই অস্বাভাবিক আচরণে লজ্জা পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মোদিকে ব্যঙ্গ করে টুইট করেছেন।
এ ব্যাপারে মোদির জীবনী লেখিকা নিলাঞ্জনা মুখোপাধ্যায় বলেন, মোদি আলিঙ্গনের মাধ্যমে সবাইকে একটি বার্তা দেয়ার চেষ্টা করেন। তা হলো যাদের সাথে মোদি সাক্ষাৎ করেন তারা আর মোদি একই লেবেলের। তিনি বিশ্বকে জানানোর চেষ্টা করেন, তিনি সমান, বন্ধু এবং আন্তরিক।
মোদি পিছন থেকে ওঁলাদকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে স্বচ্ছ পলিটিক্স নামের একটি আইডি থেকে টুইট করা হয়েছে-মিস্টার ও মিসেস ওঁলাদ পানিপথ ভ্রমণে যাচ্ছেন।