শীর্ষবিন্দু নিউজ: ইস্ট লন্ডনের কেনিংটাউনের বাসিন্দা ড্রাগ ডিলার শাহাদাত হোসাইনকে ১৭ বছরের জেলদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ার্সব্রোক ক্রাউন কোর্ট।
২১ বছর বয়স্ক শাহাদাত হোসাইনের বিরুদ্ধে পুলিশের আনিত অভিযোগে বলা হয়, ২০১৫ সালের মার্চ মাসে রাতে ২৫ নম্বর বাসের দুতলায় ১৮ বছর বয়সী এক দল তরুন কোক নিয়ে কথা বলছিলেন। এ সময় কোককে কোকেইন মনে করে তাদেরকে কোকেইন সেবনের প্রস্তাব দেন দণ্ডিত শাহাদাত হোসাইন। তবে ওই গ্রপ কোকেইন বা মাদক কেনায় অনিচ্ছা প্রকাশ করার পর তাদের উপর চড়াও হন শাহাদাত।
তাদের এক জনকে ঘাড়ে ধরে কিল, ঘুষি মারতে শুরু করেন তিনি। এ সময় অপর একজন বাধা দিলে তাকেও মারধর করেন শাহাদাত। রাত প্রায় দেড়টার দিকে ২৫ নম্বর বাসে এ ঘটনার পর গ্রপটি রমফোর্ড রোডে নেমে যায়। তবে এরমধ্যে একজনকে হুইপসক্রস হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে ১২টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনার তদন্ত শেষে ১লা এপ্রিল শাহাদাত হোসাইনকে গ্রেফতার করে ট্রান্সপোর্ট পুলিশ। এরপর বেরিয়ে আসে তার মাদক ব্যবসার কাহিনী। হেরোইন ও কোকেইন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেও তাকে পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়।
কোর্টের শুনানি শেষে শাহাদাত হোসাইনকে সর্বমোট ১৭ বছরের জেলদন্ড প্রদান করে কোর্ট। এরমধ্যে ৪৬ মাস হলো কোকেইন এবং ৪৬ মাস হেরোইন বিক্রির সাজা প্রদান করেন স্নেয়ার্সব্রোক কোর্ট। সাজাপ্রাপ্ত শাহাদাত ইস্ট লন্ডনের কেনিংটাউনের বাসিন্দা উল্লেখ করলেও তার বাবা-মা বা আরে কোন পরিচয় প্রকাশ করা হয়নি।