শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উন্নত জীবন যাপনের আশায় ব্রিটেনে পাড়ি জমাতে ফ্রান্সের শরণার্থী শিবির ক্যালাইসে প্রায় পাঁচ হাজার শরণার্থী জীবন কাটাচ্ছে। তাই এবার ফ্রান্স কর্তৃপক্ষ ক্যালাইসে শরণার্থীদের একটি মসজিদ এবং গির্জা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
ফ্রান্স কর্তৃপক্ষ এ সব শরণার্থীর সেবায় এগিয়ে আসে নি বলে বাধ্য হয়ে তারা নিজেরাই নিজেদের প্রচেষ্টায় দোকান-পাট, স্কুল এবং মসজিদ-গির্জা তৈরি করেছে। বন্দর নগরী ক্যালাইসে জঙ্গল হিসেবে পরিচিত শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটেছে। এ শিবিরে সিরিয়া, সুদানসহ অন্যান্য দেশের হাজার হাজার শরণার্থী আশ্রয় নিয়েছেন।
পর্যবেক্ষকরা বলেছেন, ফরাসি সরকারি কর্তৃপক্ষ উচ্ছেদের প্রাথমিক যে পরিকল্পনা তাদের দেখিয়েছিল তাতে উপাসনালয়গুলো ভাঙ্গার কোনো কথাই ছিল না।
ভেঙ্গে দেয়া গির্জার পাদ্রী তেফারি শুরেমো বলেছেন, গির্জা উচ্ছেদ করা হবে না বলে তাকে নিশ্চিত করেছিল ফ্রান্স কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি এ কথা জানিয়ে বলেন, কর্তৃপক্ষ আসলে শান্তি বিনষ্ট করতে চাইছে।
তবে ফ্রান্স কর্তৃপক্ষ দাবি করেছে, শিবিরের চারপাশের নিরাপত্তা এলাকা পরিষ্কার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়। কর্তৃপক্ষের মৌলিক মানবাধিকার লঙ্ঘনের এ হীন আচরণে শরণার্থী ও মানবাধিকার কর্মীরা বিষ্মিত এবং ক্ষুব্ধ হয়েছেন।