শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া থেকে জাপানি ভূখণ্ডে উড়ে আসা যেকোনো কৃত্রিম উপগ্রহ, ক্ষেপণাস্ত্র কিংবা রকেট গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে জাপান। বুধবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের ঘোষণা দেয়া হয়েছে।
উত্তর কোরিয়াকে একই রকম হুমকি দিয়ে রেখেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। কিছুদিন আগে উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষার চালিয়েছে বলে বিশ্ববাসীকে জানিয়েছিল।
সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা একটি কৃত্রিম উপগ্রহ আকাশে উৎক্ষেপণ করবে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই উৎক্ষেপণ হবে। সে সময় ঘনিয়ে আসলে এ ধরনের হুমকি দেয় জাপান।
এদিকে জাপানি যুদ্ধজাহাজগুলো সমুদ্রে উত্তর কোরিয়া অভিমুখে টহল দিচ্ছে। জাপানের সেনাবাহিনীকে সতর্ক রাখা হয়েছে। জাপান বলছে, উত্তর কোরিয়ার ছোড়া কোনো বস্তুর অংশ যদি জাপানের ভূখণ্ডে এসে পড়ে, তবে তাকে গুলি করে ধ্বংস করা হবে।