নিউজ ডেস্ক: বহুল প্রতীক্ষিত সিলেট বিএনপির সম্মেলন রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বহুধাবিভক্ত সিলেট বিএনপিতে এমন শান্তিপূর্ণ সম্মেলন শুধু সিলেট নয়, জাতীয়তাবাদি দল বিএনপির পুরো বাংলাদেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে, এখানেই শেষ নয়, গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত দলের নেতারা পরাজিত প্রার্থীদের দূরে রাখার প্রবণতা থেকেও সরে এসেছেন।
অ
তীতের রেকর্ড অনুয়ায়ী, বিএনপির কমিটি গঠনের পরপরই দলের মধ্যে বিদ্রোহ দেখা দিতো। দলে পদপ্রাপ্ত নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ করে মিছিল-মিটিং সমাবেশ, ভাংচুর, মুখোমুখি সংঘর্ষ ছিলো নিত্তনৈমিত্তিক ব্যাপার। অথচ, এবার প্রার্থীরা যেমন মেনে নিয়েছেন পরাজয়, তেমনি বিজয়ীরাও পরাজিত সহযোদ্ধাদের দূরে রাখতে চান না। ছুটে যাচ্ছেন পরাজিত নেতার বাসায়, দিচ্ছেন শান্তনা, একই আদর্শের সৈনিক হিসেবে সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মকান্ডে পাশে চাচ্ছেন সবসময়।
এমন ঘটনার সূচনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। রোববার ফলাফল জানার পরই তিনি পরাজিত প্রার্থী আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর বাসায় ছুঁটে যান। পরে ধারাবাহিকভাবে তিনি অন্যান্য প্রার্থীর বাসায় যান।
নাসিম হোসাইন জানিয়েছেন, আমি কোনধরণের বিভক্তিতে বিশ্বাস করি না। আমরা সকলে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। পদ না পেলেও কর্মী হয়ে মাঠে কাজ করা এই আদর্শের সৈনিকদের মূল লক্ষ্য।
নাসিম হোসাইনের মতো বদরুজ্জামান সেলিমও সকল নেতাকর্মীকে পাশে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি উপহার দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, মঙ্গলবার সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন জেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়ে পরাজিত সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের বাসায় ছুটে যান।
সৌজন্য সাক্ষাতকালে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক পন্থায় কমিটি উপহার দিয়ে বিএনপি দলীয় রাজনীতিতে বাংলাদেশে নজির স্থাপন করেছে। নেতৃবৃন্দ আগামী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সৈয়দ এনায়েত মিয়া, আব্দুল মালেক, তোফায়েল আহমদ সুহেল, যুবদল নেতা আব্দুল মুক্তাদির খান, মোস্তাক আহমদ, ছাত্রদল নেতা মাছুম পারভেজ, সুহেল ইবনে রাজা, আমজাদ হোসাইন, দুলাল রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।