শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১০,৩৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রাচীন আমলের সিল্ক রোড শেষ পর্যন্ত চীনের একটি পণ্যবাহী ট্রেন ইরানে এসে পৌঁছেছে। এজন্য ট্রেনটির ১৪ দিনেরও বেশি সময় লেগেছে।
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেনটিতে বাণিজ্যিক পণ্যবাহী ৩২টি কন্টেইনার রয়েছে। নতুন সিল্ক রোড দিয়ে চীন থেকে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ট্রেনটি ইরানের রাজধানী তেহরানে এসে পৌঁছেছে। গত ২৮শে জানুয়ারি চীনের জিনজিয়াং প্রদেশের বাণিজ্য কেন্দ্র ই ওয়াং শহর থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা করেছিল এ মালবাহী ট্রেনটি।
ইরানের রেল বিভাগের প্রধান মোহসেন পুরসাইয়্যেদ আকায়ি জানান, এ রোড তেহরান এসে থেমে যাবে না বরং তা ইউরোপ পর্যন্ত যাবে। সিল্ক রোডে আসা চীনা ট্রেনকে স্বাগত জানাতে তেহরানের রেলরোড স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহসেন পুরসাইয়্যেদ আকায়িসহ ইরানে নিযুক্ত চীন, কাজাখস্থান ও তুর্কমেনিস্তানের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন
ইরানের এ কর্মকর্তা জানান, প্রতি মাসে একটি করে ট্রেন আসবে তবে প্রয়োজন হলে তা বাড়ানো হবে। চীনের সাংহাই সমুদ্রবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী জাহাজ ইরানের বন্দর আব্বাসে ভিড়তে যে সময় লাগে তার চেয়ে এ ট্রেনের তেহরান এসে পৌঁছাতে ৩০ দিন কম সময় লেগেছে।