শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে দ্রুত গতির একটি গাড়ির ধাক্কায় পিতার চোখের সামনেই মৃত্যু হয়েছে ১১ বছরের সন্তান শাহ জাইদ হোসাইনের। স্থানীয় আস্টন আন্ডার লাইন হামজা মসজিদ থেকে নামাজ শেষে চাচা এবং বাবার সঙ্গে বের হয়ে রোড ক্রস করার সময় মর্মান্তিকভাবে প্রাণ হারায় জাইদ।
সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নামাজ শেষে বাবা জাভিদ হোসাইনের সামনে এবং চাচার পেছনে হেঁটে রাস্তা পার হবার সময় দ্রুত গতির একটি মার্সিডিজ গাড়ি শাহ যাইদকে ধাক্কা মেরে প্রায় ২০ ইয়ার্ড দুরে ফেলে দেয়। মুহুর্তের মধ্যেই মৃত্যুবরণ করে শাহ যাইদ। এ ঘটনার সঙ্গে সংশিষ্ট সন্দেহে মঙ্গলবার ১৯ ও ১৭ বছর বয়সের দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আস্টন পুলিশ। এর আগে ২৩ বছর বয়সী একজনকে গ্রেফতার করে পুলিশ।
গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির হামজা মসজিদে মর্মান্তিকভাবে নিহত শাহ যাইদের স্মরণে বিশেষ সভায় কান্না জড়িত কন্ঠে বাবা জানালেন, গাড়ির ধাক্কায় উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধরেই নিয়েছেন তার বুকের ধন এখানেই শেষ। স্থানীয় সেন্ট পিটার্স স্কুলের শিক্ষার্থী ছিল শাহ জাইদের স্কুলের পক্ষ থেকেও প্রধান শিক্ষক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
ঘটনার সময় নিহত জাইদের মা শাহ কানওয়াল হোসাইনও মসজিদের ভেতরে ছিলেন। দুর্ঘটনার খবরে তিনি মসজিদে থেকে বের হয়ে দেখেন তাঁর সন্তান লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। যে গাড়ির ধাক্কায় ১১ বছরের শাহ যাইদের প্রাণ গেছে সেই গাড়িটিও উদ্ধার করেছে পুলিশ। ডার্ক গ্রেই কালারের মার্সিডিস এ ক্লাসের গাড়িটির ফরেনসিক পরীক্ষা নীরিক্ষা করা হবে জানায় ম্যানচেস্টার সিটি পুলিশ।