অন্যকিছু ডেস্ক: চীনে এক অন্ধ ব্যক্তির কুকুর চুরি করার পর ফিরিয়ে দিয়েছে চোরদের দল। সঙ্গে পাঠানো হয়েছে ক্ষমা চেয়ে একটি চিঠি। চিঠিতে লেখা, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।
বেইজিং-এর বাইরে সাত বছর বয়সী কালো কুকুর কিয়াওকিয়াকে নিয়ে হাঁটার সময় তাকে একটি ভ্যানে তুলে নিয়ে যায় চোরদের একটি গ্যাং। মঙ্গলবার অবশেষে কুকুরটিকে খুঁজে পাওয়া যায়। তার গলার মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে একটি চিঠিও পাঠায় চোরদের দলটি। সেখানে লেখা, আমরা ভুল করেছি। আমরা ক্ষমা চাই।
কুকুর ফিরে আসার পর নিউ ইয়র্ক টাইমসকে তার অন্ধ মালিক তিয়ান ফেংবো বলেন, সে (কুকুর) ভালো আছে। গতরাতে তার স্পৃহা কিছুটা কম ছিল। তবে এখন সে ঠিক আছে। আমার পাশেই আছে। ঘুরছে আর লাফাচ্ছে।
বিবিসিকে ফেংবো বলেছিলেন, কিয়াওকিয়াকে তুলে নেয়ার পর তিনি খেতে বা ঘুমোতে পারেননি! অপহরণের আগে প্রায় পাঁচ বছর ধরে ফেংবোর সঙ্গে ছিল এ কুকুর। কিয়াওকিয়া ফিরে এলেও, তার অপহরণকারী কারা, বা তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি। তবে চীনে কুকুর বা বিভিন্ন প্রাণীর মাংসের বাজার বেশ ভালো। সেখানে কুকুর ধরে মাংসের বাজারে বিক্রি করে দেয়াটা বেশ প্রচলিত একটি অপরাধ।