শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২২

দুর্দিনে রাবার শিল্প

দুর্দিনে রাবার শিল্প

নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সাদা সোনা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অব্যাহত দরপতন আর চোরচক্রেই এ শিল্পের এখন দুর্যোগের মূল কারণ ঘনঘটা। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন রাবার বাগান মালিকরা। এমন পরিস্থিতে বাগান টিকিয়ে রাখা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন মালিকরা। সংশ্লিষ্টরা জানালেন, প্রায় তিন বছর থেকে এ সংকট চলছে। দিন দিন এ সংকট আরও ঘনীভূত হচ্ছে। মৌলভীবাজারের রাবার শিল্পে নানা কারণে গত ৩ বছর থেকে টানা দুর্দিন যাচ্ছে। বয়ে চলা এ দুর্দিন থেকে কিছুতেই উত্তরণ হতে পারছেন না সংশ্লিষ্টরা।

নানা সমস্যায় ব্যক্তি মালিকানাধীন রাবার বাগানগুলো এখন ধ্বংসের দোরগোড়ায়। এ জেলায় চা বাগানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে রাবার বাগান গড়ে উঠেছিল। লাভজনক এ শিল্পটি এ অঞ্চলে বিস্তৃত হচ্ছিল দিন দিন। সম্প্রতি ব্যাহত হয়েছে বিকাশমান এ শিল্পের অগ্রযাত্রা। কারণ হঠাৎ করে ক্রমাগতভাবে রাবারের দরপতন আর এরই সঙ্গে বেপরোয়া চোরচক্রে অতিষ্ঠ তারা।

ফলে আর্থিক টানাপড়েনে দিশাহারা রাবারচাষিরা। এ নিয়ে দুশ্চিন্তায় মৌলভীবাজারের ৭টি উপজেলার ছোট-বড় অর্ধশতাধিক রাবার বাগান মালিক। তারা জানালেন দৈনিক মজুরিতে থাকা বাগান শ্রমিকদের বেতন আর বাগান পরিচালনার খরচ চালিয়ে যেতেও হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে বাগানগুলোতে প্রতিনিয়তই ছাঁটাই করা হচ্ছে শ্রমিক। অনেক বাগানে বন্ধ রাখা হয়েছে উৎপাদন।

বাগান শ্রমিকরা জানালেন, পুরো জেলায় কয়েক হাজার রাবার বাগান শ্রমিক প্রতিদিনই চাকরি হারানোর ভয়ে তারা তটস্থ থাকেন। ইতিমধ্যে কয়েকটি বাগানের কিছু শ্রমিক চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। দিন দিন এ সংকট তীব্র হওয়ায় বাগান মালিকরা এ শিল্প বাঁচিয়ে রাখতে রয়েছেন দুশ্চিন্তায়। অনেক বাগান মালিক রাবার গাছ কেটে তাতে ফলদ বা বনজগাছের বাগান করার চিন্তা করছেন। বাগান মালিকদের এমন সিদ্ধান্ত বাস্তবে রূপ দিলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ গবেষকরা।

রাবার বাগান মালিকরা জানালেন, এখন চলছে তাদের চরম দুর্দিন। ২০১৪ সাল থেকেই রাবার শিল্পে এমন দুর্যোগ চলছে। ওই বছরই ভর মৌসুমে রাজনৈতিক অস্থিরতায় লাগাতার হরতাল-অবরোধের কারণে নির্দিষ্ট সময়ে সংগৃহীত কাঁচামাল ঢাকায় না পাঠাতে পারায় স্টকে থাকা অধিকাংশ রাবার নষ্ট হয়ে যায়। আর হরতাল অবরোধ উঠলে হঠাৎ করে কাঁচা রাবারের দরও কমে যায়। মধ্যখানে দর কিছুটা বাড়লেও এখন আবার দর কমে যাওয়ায় বাগান থেকে সংগৃহীত কাঁচা রাবারপ্রাপ্ত বাজার দরে তাদের উৎপাদন খরচ উঠবে না, তাই আর্থিক বিরাট ক্ষতি থেকে বাঁচতে অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু দিন যত যাচ্ছে স্টকে থাকা রাবার নষ্ট হতে চলছে। তারপরও বাড়ছে না দাম।

আর্থিক সংকটে বাগান মালিকরা। বাগান মালিকরা জানালেন, এখন মৌসুম থাকায় কষ সংগ্রহের জন্য বাগানে বাধ্য হয়ে অতিরিক্ত শ্রমিক রাখতে হচ্ছে। অথচ বাগানের উৎপাদনের আয় দিয়ে বাগান পরিচর্যার নিয়মিত শ্রমিকদেরও বেতন দিতে পারছেন না তারা। চরম আর্থিক সংকটের কারণে অনেক ছোট বাগানে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে মৌসুমি অনিয়মিত শ্রমিক।

মালিকরা জানালেন, এ রকম পরিস্থিতিতে তারা বাগান নিয়েও অন্য চিন্তা-ভাবনা করতে বাধ্য হচ্ছেন। বাগান মালিকরা জানালেন একদিকে সিন্ডিকেট রাবার চোরাকারবারিদের কারণে তারা অতিষ্ঠ। বাগানের বড় গাছ কেটে নেয়া ছাড়াও বাগানগুলোর কষ দেয়া গাছে প্রতিনিয়তই চোরচক্র অবাধে রাবার গাছগুলোতে স্টেপিং করার কারণে হুমকিতে রয়েছে কষ দেয়ার উপযুক্ত গাছ। এ কারণে দিন দিন ব্যাহত হচ্ছে বাগানের কাঙ্ক্ষিত উৎপাদন।

অপরদিকে দিন দিন কমে যাচ্ছে কাঁচা রাবারের দরও। এমন অচল অবস্থায় মহা সংকটে পড়েছেন ব্যক্তি মালিকানাধীন ছোট ছোট বাগান মালিকরা। এমন অবস্থা চললে বাগান টিকিয়ে রাখবো কি করে। এমন প্রশ্নে এখন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলেই দুশ্চিন্তায় হতাশ। তাদের চোখেমুখেও এখন এমন দুশ্চিন্তার ছাপ। দিন দিন বাড়ছে এ উদ্বিগ্নতা। কুলাউড়ার বরমচালের রাবার বাগান মালিক তরুণ উদ্যোক্তা সাকির আহমদ জানান, এ বছর তার বাগানের উৎপাদন বন্ধ রেখেছেন।

কারণ উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের অমিল থাকায় ঘাটতির কথা চিন্তা করেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। উৎপাদন নেই তারপরও নিয়মিত শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। এই বিনিয়োগ এখন অলাভজনক হওয়ায় তাই বাগান টিকিয়ে রাখা নিয়ে তিনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

রাবার বাগান মালিক শাহ্ নেওয়াজ রাজা, আমিন মিয়া চৌধুরী, রওশন মিয়া, মুসলিম মিয়াসহ অনেকেই জানান, বাংলাদেশ বন শিল্প করপোরেশনের ত্বত্ত্বাবধানে থাকা সরকারি রাবার বাগান ও এইচ আরসি, ফিনলে ও ডানকান কোম্পানির বাগানগুলোর (গুণগত মানের ভিত্তিতে) রাবারের দর নিয়ে কোন সমস্যা না হলেও বিপাকে পড়েছেন ব্যক্তি মালিকানাধীন বাগান মালিকরা।

তারা বলেন ২-৩ বছর আগে রাবারের দাম থাকলেও ২০১৪ সালের প্রথম দিকে লাগাতার হরতাল অবরোধের কারণে তারা সময়মতো তা বিক্রি করতে পারেননি। সে সময় থেকে তারা এমন সংকটে পড়েছেন এখনো তা কাটিয়ে উটতে পারছেন না। বাগান মালিকরা জানালেন তখন প্রতিকেজি রাবার ছিল ১২০-১৩০ টাকা। আর বর্তমানে প্রতি কেজি ৬০-৬৫ টাকা (ভ্যাট সহ) টাকা দরে বিক্রি হচ্ছে। কিছু দিন আগে যা ছিল প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা। তারা জানান ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত রাবার সিট (‘ধূমায়িত’ একটি প্রাথমিক প্রক্রিয়ার পর) প্রতি কেজি রাবার বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা।

তারা জানান, একসময় তা সর্বোচ্চ ৩৫০-৪০০ টাকা পর্যন্ত বিক্রি করেছেন আর এখন বিক্রি করতে হচ্ছে ৬০-৬৫ টাকা। তারা বলেন এমনিতে এ অঞ্চলের রাবার শিল্প চোর চক্রের কারণে ধ্বংসের দোরগোড়ায়। আর এভাবে ক্রমাগত দরপতন চলতে থাকলে প্রতিনিয়ত এমন ক্ষতি থেকে বাঁচতে রাবারচাষিরা তাদের বাগানের গাছ কেটে বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। কয়েকজন বাগান মালিক জানালেন এ বছর (সেপ্টম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত) মওসুমে তারা তাদের বাগান থেকে রাবারের কষ সংগ্রহ করেননি।

কারণ হিসেবে তারা জানালেন শ্রমিক ও অননা্য খরচ শেষে প্রতি কেজি রাবারে তাদের ঘাড়তি থাকে ৩০-৪০ টাকা তাই এবছর তাদের বাগানগুলোতে উৎপাদন বন্ধ রেখেছেন। গেল ২-৩ বছর থেকে তারা এমন লোকসানে পড়েছেন। তারা বলেন এভাবে চলতে থাকলে বাগান রক্ষায় নিজেদের ভিটে মাটি বিক্রি করতে হবে। চাষিরা জানান, একসময় রাবার কৃষি পণ্য হিসেবে বিপণন হত।

এরপর তা কৃষি পণ্য থেকে বাদ দিয়ে তাতে ১৫ শতাংশ করারোপ করা হয়। কিন্তু তারপরও এ শিল্প বাঁচিয়ে রাখতে আমরা সরকারের তরফে কোন সহযোগিতা পাই না।

বাংলাদেশ রাবার বাগানমালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক একেএম শাহ্জালাল জানান, আমরা আমাদের এই দুর্দশার কথা সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে জানিয়েছি। সরকারের সহযোগিতা না পেলে আমাদের ব্যক্তি মালিকানাধীন রাবার বাগানগুলো আর টিকিয়ে রাখা যাবে না। এখন মহা হুমকিতে থাকা এ শিল্পটি রক্ষায় সংশ্লিষ্টরা এগিয়ে না এলে এর সঙ্গে সম্পৃক্ত কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়বে। সরকারও কোটি টাকার রাজস্ব হারাবে আর হুমকিতে পড়বে এ অঞ্চলের পরিবেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026