শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মেহবুবা মুফতি। ৫৬ বছর বয়সী এই নেতা দেশটির সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মেয়ে যিনি জানুয়ারি মাসে মারা যান।
এর মধ্যেই গত ২৩শে মার্চ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মিস মুফতি। তাঁর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান মেহবুবা মুফতি।
আর তারপরই দুটি দলের অচলাবস্থা কাটে বলে বিশ্লেষকেরা মনে করছেন। পিডিবি নেত্রী মেহবুবা মুফতি শপথ গ্রহণের পর বিশ্লেষকেরা বলছেন মিস মুফতিকে হয়তো তাঁর নিজ দলের মধ্যেও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
মিস মুফতির বাবা মারা যাবার পর তাঁর পদে কে আসবেন, কোয়ালিশন সরকারের ভবিষ্যত কী হবে সেটি নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বেশ কতদিন এক ধরনের বাকবিতণ্ডাও চলেছে। বাবার মৃত্যুর পর মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হতে চাননি।
তাঁর অভিযোগ ছিল, জোট সরকারের মৌলিক চুক্তিগুলি লঙ্ঘন করছে বিজেপি। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করে বিজেপি।
তারপর থেকে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন নিয়ে বিজেপি ও পিডিপির মধ্যে টালবাহানা চলছিল। ওই রাজ্যে বর্তমানে রাজ্যপালের শাসন জারি রয়েছে। জম্মু ও কাশ্মীরে নতুন করে নির্বাচন হবে কিনা তা নিয়েও আলাপ আলোচনা শুরু হয়।