শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এবার দুর্নীতিতে ফেঁসে গেলেন খোদ দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিশ্বজুড়ে দুর্নীতি নিয়ে কাজ করা ও স্বচ্ছতা-জবাবদিহিতার বুলি আওড়ানো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) কর্মকর্তাই অর্থপাচার ও কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। নামে-বেনামে চালিয়েছেন অফশোর কোম্পানি। পানামা পেপার্স ফাঁসের পর সেই কেলেংকারি সামনে আসায় পদত্যাগে বাধ্য হয়েছেন টিআই’র চিলি শাখার প্রধান গনজালো দেলাভিউ।
সোমবার পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার অন্তত ১ কোটি ১৫ লাখ নথি সোমবার ফাঁস হয়। এতে বিশ্বের ২০০টি দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, ৭২ জন সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, কয়েকশ’ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রেটি, ক্রীড়া ব্যক্তিত্বের গোমর ফাঁস হয়ে গেছে। এই টিআই কর্মকর্তা পদ হারালেন। স্মরণকালের মহা কেলেংকারি পানামা পেপারসের নথি ফাঁসের পর নড়ভড়ে হয়ে গেছে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রপ্রধান ও ক্ষমতাধর ব্যক্তির অবস্থান।
পানামা পেপার্সের ওই নথি পর্যালোচনার সুযোগ পেয়েছে চিলির সংগঠন সাইপার। সাইপার জানিয়েছে, বাহামাভিত্তিক পাঁচটি অফশোর মেকি কোম্পানির সঙ্গে যুক্ত চিলির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধান দেলাভিউ। সেগুলো হচ্ছে, টার্নব্রুক কর্পোরেশন, হেলহি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন, টার্নব্রুক মাইনিং লিমিটেড ও ভিজাচিতাস লিমিটেড। এর মধ্যে টার্নব্রুক মাইনিংয়ের পরিচালক হিসেবে ছিলেন দেলাভিউ। কানাডার এক্সপ্লোরেশন ও ডেভেলপমেন্ট কোম্পানি লস অ্যান্ডেস কপারের ৫১.৬ শতাংশ শেয়ারের অংশীদার ওই টার্নব্রুক মাইনিং।
ধারণা করা হচ্ছে, এসব কোম্পানির মাধ্যমে অর্থপাচার করে সম্পদের পাহাড় গড়েছেন এবং ট্যাক্স ফাঁকি দিয়েছেন। কেলেংকারি ফাঁস হওয়ার পর বুধবার এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গনজালো দেলাভিউ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলির প্রেসিডেন্ট পদ থেকে পদপত্র জমা দিয়েছেন। যা পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে কর্পোরেট ও রাজনৈতিক দুর্নীতি নিয়ে কাজ করে। পদত্যাগের পর এডিএন রেডিওকে দেলাভিউ বলেছেন, মোসাক ফনসেকার এই অন্ধকার দিক দেখে আমি যারপরনাই বিস্মিত। কিন্তু আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সুখ্যাতি নষ্ট করতে চাই না। দেলাভিউ আরও দাবি করেন, তিনি কোনো অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেননি।
লাতিন আঞ্চলের সংবাদমাধ্যম টেলিসুর জানিয়েছে, সোমবার প্রকাশিত পানামা পেপারসে লাতিন অঞ্চলের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এবং ডানপন্থী রাজনীতিবিদের অর্থপাচার এবং কর ফাঁকির তথ্য উঠে এসেছে। পানামা পেপার্সে প্রকাশিত রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি, ম্যাক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিতো, পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী কেইকো ফুজিমোরি এবং ব্রাজিলের পার্লামেন্ট সদস্য এডুয়ার্ডো কুনহা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান জোসে উগাজ বলেন, এ ঘটনায় সংস্থাটি বিড়ম্বনায় পড়েছে। তবে এটা গুরুত্বপূর্ণ যে আমরা চিলির সরকারকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে সমর্থন দিয়েছি ও স্বচ্ছতা-জবাবদিহিতায় তাগিদ দিয়েছে। একজন মানুষের কাজের কারণে পুরো সংস্থাকে দোষারোপ করা যায় না।