শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯

ভারতে শুনানির জন্য বিচারপতি পান ৫ মিনিট

ভারতে শুনানির জন্য বিচারপতি পান ৫ মিনিট

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিচারকের স্বল্পতা আর ক্রমবর্ধমান মামলার চাপে ভারতের বিচার বিভাগ এখন বেশ চাপের মুখে। হাইকোর্টে একেকটি মামলার ওপর বিচারপতি শুনানি গ্রহণের জন্য পাঁচ মিনিটেরও কম সময় পান। বেঙ্গালুরুভিত্তিক বেসরকারি সংস্থা ‘দক্ষ’ বিচারিক কার্যক্রম নিয়ে সমীক্ষা চালিয়ে ও কর্মকাণ্ড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটির ২১টি হাইকোর্টে ১৯ লাখ মামলা ও ৯৫ লাখ মামলার শুনানির সময় বিশ্লেষণ করা হয়। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, সবচেয়ে কম চাপে থাকেন—হাইকোর্টের এমন বিচারপতিরা একটি মামলার শুনানিতে বড়জোর ১৫ থেকে ১৬ মিনিট সময় দিতে পারেন। অন্যদিকে, ব্যস্ততম হাইকোর্টে সে সময়টা দাঁড়ায় গড়ে মাত্র আড়াই মিনিট। মামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে বিচারকেরা সময় পান সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট।

কলকাতা হাইকোর্টে গড়ে একজন বিচারপতির তালিকায় ১৬৩টি মামলা থাকে। এগুলোর শুনানি গ্রহণে তিনি সময় পান সাড়ে পাঁচ ঘণ্টা। এতে একজন বিচারপতি একটি মামলার শুনানি গ্রহণ করতে সময় পান প্রায় দুই মিনিট। একই অবস্থা পাটনা, হায়দরাবাদ, ঝাড়খন্ড ও রাজস্থানে। সেখানে একেকটি মামলার শুনানি নেওয়া হয় দুই থেকে তিন মিনিট। আর এলাহাবাদ, গুজরাট, কর্ণাটক, এমপি ও ওডিশাতে সেই সময় চার থেকে ছয় মিনিট।

দক্ষর সহযোগী প্রতিষ্ঠাতা কিশোর মানদায়াম বলেন, এ ক্ষেত্রে আদালতের কর্মপদ্ধতির পরিবর্তন আনতে হবে। একজন বিচারক যেন পর্যাপ্ত সময় নিয়ে শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত নিতে পারেন—এমনসংখ্যক মামলা তাঁর বিচার তালিকায় রাখতে হবে।

কিশোর বলেন, ‘বলছি না যে বিচারকেরা মনযোগ দিয়ে রায় লেখেন না। তাঁদের অনেক মামলার শুনানি করতে হয়। আর অর্ধেকের বেশি মামলার শুনানি স্থগিত করে পরবর্তী তারিখ দেওয়া হয়।’ তিনি আরও বলেন, মামলার সংখ্যা কাটছাঁট করা হলে আদালতের মূল্যবান সময় ও অর্থ বাঁচবে। একই সঙ্গে আদালতে আসা মামলার বাদী-বিবাদী কম হয়রানিতে পড়বেন।

১২৫ কোটি জনসংখ্যার দেশ ভারতে চলতি মাসের ১ তারিখ হাইকোর্টে ৫৯৪ জন আর সুপ্রিম কোর্টে ২৫ জন বিচারপতি ছিলেন। ২০১১ সালের জরিপ অনুযায়ী, সে দেশে প্রতি ১০ লাখ লোকের জন্য ১৬ দশমিক ৮ জন বিচারক রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026