শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে বাঙালি কমিউনটির ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) সাধারণ সভা ও নির্বাচন আগামী ২০ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়ন পত্র জমাদান শুরু হয়েছে। ১৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বি
বিসিসিআই-এ মোট ডাইরেক্টর পদ রয়েছে ৩৫টি। এক্সিকিউটিভ কমিটিতে পদ রয়েছে ২২টি। ২০ এপ্রিল এক্সিকিউটিভ কিমিটির সবকটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত প্রেসিডেন্ট পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এনাম আলী এমবিই ও মোহাম্মদ রফিক হায়দার।
ডাইরেক্টর জেনারেল পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাইদুর রহমান রেনু। ফাইন্যান্স ডাইরেক্টর পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুই জন। এরা হলেন মনির আহমদ ও শফিকুল ইসলাম।
ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। এরা হলেন মুহিব চৌধুরী, এম এ কাইয়ুম ও মোহাম্মদ নূর মিয়া।
লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন রফিক হায়দার। ইন্টারন্যাশনাল রিলেশন্স পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন আবুল নূরুজ্জামান।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন, ব্যারিস্টার আনিস রহমান ওবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ ও ব্যারিষ্টার নাজির আহমদ ।
বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট মাতাব চৌধুরী বলেন, বিবিসিসিআই-এর এক্সিকিউটিভ কমিটির মেয়াদ দুই বছর। এবারের নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা ২০১৬-১৮ মেয়াদে দ্বায়িত্ব পালন করবেন। বিবিসিসিআই এর বোর্ড রুমে দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। এরপর দুপুর ১টায় মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট মাতাব চৌধুরী।
মাতাব চৌধুরী বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে চেম্বারে অনেক নতুনরা দ্বায়িত্বে আসবেন। নতুনদের সুযোগ করে দিতে তিনি নিজে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আর প্রার্থী হচ্ছেন না। চেম্বারের বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে তিনি চান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দঘন নির্বাচন উপহার দিতে। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নেতৃত্ব বিবিসিসিআই-এর অগ্রযাত্রাকে আরও বহুদূর নিয়ে যেতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মাতাব চৌধুরী। সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন মাতাব চৌধুরী।
বর্তমানে চেম্বারের ৩৫টি ডাইরেক্টর পদের মধ্যে ১৩টি পদ খালি হচ্ছে। খালি হওয়া এসব ডাইরেক্টর পদ পূরণের প্রক্রিয়াও অব্যহত আছে। আগামী ২৪ মে বিবিসিসিআই-এর বার্ষিক গালা ডিনার অনুষ্ঠিত হবে। ওই গালা ডিনার অনুষ্ঠানেই নির্বাচিত নতুন কমিটির হাতে দ্বায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। গালা ডিনার অনুষ্ঠানে বিবিসিসিআই এর সকল মেম্বার ও ডাইরেক্টরদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে। খুব শীগ্রই মেম্বার ও ডাইরেক্টরদের গালা ডিনারের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হবে।