আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাতাসের তোড়ে যেন সাদা রঙের ককটেল ড্রেসটি হাওয়ায় উড়ে যেতে চাচ্ছিল প্রজাপতির ডানার মতো আকৃতি নিয়ে। তাকে সামলাতে গিয়ে হিমশিম পোশাকটির পরিহিতা।
এমন দৃশ্যের কথা বললে যে কারোরই এক নিমেষে মনে পড়বে মেরিলিন মনরোর ছবিটির কথা। বিংশ শতাব্দীর অন্যতম আইকনিক ছবি মনে করা হয় একে। সেলিব্রেটিদের জীবনের বিভিন্ন সময়ে পোশাক নিয়ে বিব্রত এমন মুহূর্তগুলোকে এখনও ‘মেরিলিন মোমেন্ট’ নামেই ডাকা হয়। সেই মেরিলিন মোমেন্টের শিকার হলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।
বৃটিশ পত্রিকা দ্য সানের খবরে বলা হয়, ভারত সফরে এসে সোমবার গিয়েছিলেন দিল্লিতে। যুদ্ধে নিহত ভারতীয়দের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান ছিল ইন্ডিয়া গেটে। অনুষ্ঠানে যোগ দিতে কেট মিডলটনের পরনে ছিল এমিলিয়া উইকস্টেডের ডিজাইন করা উলেন ক্রেপ কাপড়ের সাদা রঙের একটি মিডি ড্রেস। ১,৭০০ বৃটিশ পাউন্ড বা প্রায় দুই লাখ টাকা দামের এই পোশাকে দীর্ঘাঙ্গী কেটকে দেখাচ্ছিল অতুলনীয়া।
ইন্ডিয়া গেটে পৌঁছানোর পর থেকে গোটা সময়টাই যেন বাতাস তার সঙ্গে খেলছিল। আর তাকে করে মিডি ড্রেসটির নিচের অংশ বারবারই যেন উড়ে যেতে চাচ্ছিল।
বিশেষ করে যোদ্ধাদের সমাধিতে ফুলের তোড়া দিতে যখন রাজকুমারী নুইয়ে ছিলেন, তখন যেন বাতাস কোনো বাধাই মানছিল না। গোটা সময়টাতেই বাতাসের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে ঠিক রাখতে হয়েছে কেটের পোশাক। মেরিলিন মনরোর কথা তখন নিশ্চয়ই বারবার মনে পড়ছিল বৃটিশ রাজপরিবারের এই সদস্যের।