শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাদিক। তিনি পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাদিককে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
সদস্য থেকে পদত্যাগ করা সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ সাদিক চেয়ারম্যান ইকরাম আহমেদের স্থলাভিষিক্ত হলেন। গত ১৩ই এপ্রিল ইকরাম আহমেদের চাকরির মেয়াদ শেষ হয়। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) সাদিক এ পদে দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ২৭শে অক্টোবর পিএসসি’র সদস্য নিয়োগ পান। এর আগে শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করে গত ১৮ই সেপ্টেম্বর পিআরএলে যান তিনি।
তিনি নির্বাচন কমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্ম নেয়া মোহাম্মদ সাদিক কবি হিসেবেও পরিচিত।