শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪

ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান আগামী ৮ই মে

ভিক্টোরিয়া পার্কে মুসলিম চ্যারিটি রান আগামী ৮ই মে

শীর্ষবিন্দু নিউজ: ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে আগামী ৮ মে রোববার সকাল সাড়ে ১০টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম চ্যারিটি রান ইভেন্ট। গত চার বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবার পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই চ্যারিটি রান।

এ উপলক্ষে সোমবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে ইস্ট লন্ডন মসজিদের নেতৃবৃন্দ উক্ত চ্যারিটি রান সফল করতে কমিউনিটির সর্বস্তরের মানুষকে প্রতিযোগিতা করে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের সেক্রেটারি আইয়ূব খান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেলওয়ার খান, ট্রেজারার মুহাম্মদ আব্দুল মালিক এবং ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ূম। এতে উপস্থিত ছিলেন ইমাম শায়খ আবুল হোসেইন।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ইস্ট লন্ডন মসজিদ যত সম্প্রসারিত হচ্ছে তত বেশি মানুষের সমাগম বাড়ছে। গোটা ইউরোপের দৃষ্টি এখন এই মসজিদের দিকে। বহুমুখী কার্যক্রমের মধ্য দিয়ে সারা বছরই ব্যস্ত সময় কাটায় ইস্ট লন্ডন মসজিদ। মসজিদের সেবার পরিধিও দিনদিন বাড়ছে। একটি শিশুর জন্মের পর তার আকিক্বা অনুষ্ঠান আয়োজনের জন্য লন্ডন মুসলিম সেন্টারকে বেছে নেন অনেকেই।

এরপর শিশুর খৎনা করানোর জন্য ইস্ট লন্ডন মসজিদকেই মনে করেন নির্ভরযোগ্য স্থান। বড় হওয়ার পর শিশুর মক্তবের ইসলামি শিক্ষার জন্য ইস্ট লন্ডন মসজিদকেই বেছে নেন অভিভাবকরা। তাছাড়া প্রাইমারী ও উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য আল-মিজান স্কুল ও লন্ডন ইস্ট একাডেমিকে উত্তম শিক্ষা প্রতিষ্ঠান মনে করা হয়। নামাজ পড়ার জন্য শান্তি ও নিরিবিলি স্থান হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ। রামাদ্বানে ইতেকাফ করার জন্য ইস্ট লন্ডন মসজিদ অনেকের প্রথম পছন্দের জায়গা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মারিয়াম সেন্টারের বাম পাশের অংশটুকু মূল মসজিদের সঙ্গে সম্পৃক্ত করে দেয়ার কথা দিয়েছিলেন বিলডার আরিফ জাবাদানী। প্রতিশ্রুতমতো তিনি নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে স্টিল ট্রাকচার ওঠে গেছে। আশা করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। মসজিদের মূল হল বাম দিকে সম্প্রসারিত হলে সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং একসঙ্গে আরো ৬০০ মানুষ নামাজ পড়তে পারবেন।

নেতৃবৃন্দ বলেন, মুসলিম চ্যারিটি রান এখন বিলেতের বাঙালি কমিউনিটির একটি বড় উৎসবে পরিণত হয়েছে। অনেকেই প্রতি বছর এই উৎসবের জন্য অপেক্ষায় থাকেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তুলতে পারেন। তাঁরা ফান্ডরেইজিংয়ের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্বুদ্ধ হচ্ছেন। এই প্রতিযোগিতা সকলের জন্য ইহকাল ও পরকালের কল্যাণ বয়ে আনছে।

লিখিত বক্তব্যে বলা হয়, শুরুতে এই ক্যাম্পেইনের নাম ছিলো ‘রান ফর ইউর মস্ক’। প্রথম তিন বছরের সাফল্যের ধারাবাহিকতায় ২০১৫ সালে এসে এই ক্যাম্পেইনের নাম পরিবর্তন করে মুসলিম চ্যারিটি রান করা হয়। মূল উদ্দেশ্য হলো এই ক্যাম্পেইনে অন্যান্য চ্যারিটিকে সম্পৃক্ত করা। এক সময় শুধু ইস্ট লন্ডন মসজিদের জন্যই ফান্ডরেইজিং করা হতো। এখন মুসলিম চ্যারিটি রান নামকরণের পর উল্লেখযোগ্য সব চ্যারিটির জন্যই ফান্ডরেইজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত বয়সে পরিণত হলে ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠানও হয় এখানেই। প্রয়োজনে ফ্রি আইনী সহায়তা নেয়া যায় এই মসজিদ থেকে। বয়স্কদের জন্য শিক্ষার সুব্যবস্থা রয়েছে ইস্ট লন্ডন মসজিদে। সর্বশেষ, মৃত্যুর পর হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা, গোসল দেয়া, জানাজা ও দাফন-কাফনের ব্যবস্থাও হয় এই মসজিদ থেকেই হয়। এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের সব ধরনের সেবায় নিবেদিত ইস্ট লন্ডন মসজিদ। রামাদ্বানে এই মসজিদের সেবাকার্যক্রম অনেক গুণ বেড়ে যায়। অত্যাসন্ন রামাদ্বানের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ইস্ট লন্ডন মসজিদ সময় সময় সম্প্রসারিত হচ্ছে। গত বছর কমিউনিটির মানুষের সাহায্যে দেড় মিলিয়ন পাউন্ড ব্যয়ে মসজিদ সংলগ্ন পরিত্যাক্ত সিনাগগ ভবনটি ক্রয় করতে সক্ষম হয়। এর মধ্যে অর্ধ মিলিয়ন পাউন্ড মানুষ দান করেছেন। আর বাকী ১ মিলিয়ন পাউন্ড এসেছে ক্বরজে হাসানা বাবদ। এই অর্থ ফিরিয়ে দিতে হবে।

তাছাড়া মারিয়াম সেন্টারের নির্মাণ ব্যয় বাবদ এখনও ৩ মিলিয়ন পাউন্ড ঋণ রয়েছে। সব মিলিয়ে ইস্ট লন্ডন মসজিদকে ঋণমুক্ত করতে এখনও ৪ মিলিয়ন পাউন্ড প্রয়োজন। এই ঋণ পরিশোধে মুসলিম চ্যারিটি রান আয়োজন, রামাদ্বানে মসজিদে ও টেলিভিশনে বিশেষ ফান্ডরেইজিং ইত্যাদি কার্যক্রম চলবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, কমিউনিটির মানুষের দান অব্যাহত থাকলে খুব শিগগিরই মসজিদকে ঋণমুক্ত করা সম্ভব হবে ইনশাল্লাহ। গত বছর ইসলামিক রিলিফ, মুসলিম এইড, হিউম্যান অ্যাপিল, জামিয়াতুল উম্মাহসহ ২১টি চ্যারিটি সংগঠন মুসলিম চ্যারিটি রানে অংশগ্রহণ করে ফান্ডরেইজ করে। এ বছরের পঞ্চম মুসলিম চ্যারিটি রানের জন্য ইতোমধ্যে নাম রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিবারের মতো এবারও ৪ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুর্ধ ১২ বছর, ১৩ থেকে ১৭ বছর, ১৮ থেকে ৩৪ বছর, ৩৫ থেকে ৫০ বছর এবং ৫১ ও ততোর্ধ বয়স ক্যাটাগরি। এতে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে। দৌড়ে অংশগ্রহণে আগ্রহীরা http://www.eastlondonmosque.org.uk/ওয়েবসাইট ভিজিট অথবা ০২০ ৭৬৫০ ৩০০০ নাম্বারে ফোন করে তাঁদের নাম রেজিষ্ট্রেশন করতে পারবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026