শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের খরাপ্রবণ কিছু অঞ্চলে রান্নার চুলা থেকে আগুন লেগে ৮০ জনের বেশি নিহত হওয়ার পর ওই সব এলাকায় দিনের বেলা রান্না করা নিষিদ্ধ করা হয়েছে। গত কিছুদিনের মধ্যে প্রচ- খরা, গরম আর ঝড়ো হাওয়ার কারণে চুলা থেকে দাবানলের মতো করে আগুন লাগার ঘটনা ঘটে।
ফলে এই সপ্তাহে বিহারের পূর্বাঞ্চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের রান্না নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে টেলিভিশন ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয়দের রাতে রান্নার পরামর্শ দেওয়া হয়েছে, খবর বার্তা সংস্থা এপির। শুধু দিনের বেলা রান্নার ওপরই নয়, ধর্মীয় বিভিন্ন আচার পালনের জন্য আগুন জ্বালানোর ওপরও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে এক বছরের কারাদন্ডের বিধান রাখা হয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে ভারতের অনেক অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির অভাব ও গরমের কারণে মানুষের পাশাপাশি গৃহপালিত পশুও মারা যাচ্ছে।
দেশটির বহু মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পানিটুকুও পাচ্ছে না। দেশটির মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের বেশির ভাগ অঞ্চলের নদী, পুকুর ও হ্রদগুলো শুকিয়ে গেছে। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও বেশি নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। কিছু কিছু অঞ্চলে অবস্থা এতটাই খারাপ যে সরকারকে ট্যাঙ্ক ভর্তি পানি পাঠিয়ে স্থানীয় জনগণের প্রাণ বাঁচাতে সহায়তা করতে হচ্ছে। মৌসুমি বর্ষার এখনো দেখা মেলেনি। জুনের আগে বৃষ্টির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।