মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫

সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক: একই ঘটনা সন্দেহে ঢাকায় গ্রেপ্তার ৫

সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক: একই ঘটনা সন্দেহে ঢাকায় গ্রেপ্তার ৫

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গুপ্তহত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত এপ্রিলে তাঁদের আটক করা হয় বলে আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে একই কারণে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো পাঁচ বাংলাদেশিকে মঙ্গলবার রাজধানীর বনশ্রীসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিজ দেশে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ ষড়যন্ত্র করা হয়। সন্দেহভাজন এসব ব্যক্তির মূল পরিকল্পনা ছিল সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া। তাঁদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং সরকারি ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে। এসব কর্মকর্তাকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়।

বাংলাদেশে গ্রেপ্তার ৫

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র মঈনুল ইসলাম বলেন, হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত ২৯ এপ্রিল পাঁচ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ। আজ অভিযান চালিয়ে মিজানুর রহমান, রানা, আলমগীর, তানজিমুল ইসলাম ও সন্তু খান নামের ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মঈনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজন ২০০৭ সাল থেকে ২০১১ সালের মধ্যে সিঙ্গাপুরে যান। সেখানে গিয়ে তাঁরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁরা আনসারুউল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে নেওয়ার পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

হাইকমিশনারের বক্তব্য

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান প্রথম আলোকে বলেন, ১৩ জনকে আটক করে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আর আটজনকে সিঙ্গাপুরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। বাংলাদেশ কোনোভাবেই জঙ্গিবাদ সমর্থন করে না। এ ব্যাপারে সিঙ্গাপুরকে সহযোগিতা করছে বাংলাদেশ। তিনি আরও বলেন, এর আগে সন্দেহভাজন ২৭ বাংলাদেশি জঙ্গিকে আটক করেছিল সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এবারের ১৩ জনকে নিয়ে সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৪০ জন সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে আটক করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026