শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪

ব্রিটিশ রাজকন্যার জন্মদিনে ৩০ হাজার পাউন্ড দামের ঝুনঝুনি উপহার

ব্রিটিশ রাজকন্যার জন্মদিনে ৩০ হাজার পাউন্ড দামের ঝুনঝুনি উপহার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী শিশুদের প্রিয় খেলনার মধ্যে নিঃসন্দেহে শীর্ষস্থানেই থাকবে ঝুনঝুনি। কিন্তু এমন একটি ঝুনঝুনির দাম কত? দুয়েকশ’ টাকা দামের ঝুনঝুনি আশপাশের যেকোনো জায়গাতেই পাওয়া যায়। নানা ধরনের বাড়তি সুবিধা নিয়ে দুয়েক হাজার টাকা দামের ঝুনঝুনি দেখেও হয়তো এখন আর কেউ অবাক হবেন না।

কিন্তু যদি বলা হয় একটি ঝুনঝুনির দাম লাখ টাকা! চোখটা নিশ্চয় কপালেই উঠবে। আর এক ঝুনঝুনির দাম ৩৪ লাখ টাকা শুনলে কেউ কেউ হয়তো শারীরিক সমস্যাতেও পড়তে পারেন। কিন্তু রাজকন্যা বলে কথা! তার জন্য বিশেষভাবে তৈরি একটি ঝুনঝুনির দাম ৩৪ লাখ টাকা তো হতেই পারে। হ্যাঁ, বৃটেনের রাজকন্যা প্রিন্সেস শার্লটের জন্মদিনে এমন ৩৪ লাখ টাকা দামেরই একটি ঝুনঝুনি উঠেছে উপহার হিসেবে।

গতকাল ছিল এই বৃটিশ রাজকন্যার প্রথম জন্মবার্ষিকী। রাজকন্যার নিবাস কেনসিংটন প্যালেসের উদ্ধৃতি দিয়ে বৃটেনের দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, স্বাভাবিকভাবেই রাজকন্যার এই জন্মদিনে বয়ে গেছে উপহারের বন্যা। ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম আর ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের কোল আলো করে আসা শার্লটের জন্মদিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়েছে। তবে রাজকন্যার জন্মদিনের উপহার আসতে শুরু করেছে আরো আগে থেকেই।

কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মদিনে রাজকন্যার পাওয়া উপহারের জন্যই প্রয়োজন আলাদা একটি ঘর। বিভিন্ন দেশের রাজা-রানী থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন কোম্পানির পক্ষ থেকেও রাজকন্যার জন্য পাঠানো হয়েছে উপহার। এর মধ্যে সবার মনোযোগ কেড়ে নিয়েছে ১৮ ক্যারেটের সাদা সোনায় তৈরি ও হীরা, চুনি ও নীলায় খচিত একটি ঝুনঝুনি।

আর এরই দাম ৩০ হাজার পাউন্ড বা প্রায় ৩৪ লাখ টাকা। এই ঝুনঝুনি ছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্টের পক্ষ থেকে রূপার তৈরি আরও একটি ঝুনঝুনি উপহার পেয়েছেন রাজকন্যা।

উপহারের তালিকায় রয়েছে আরও একটি কাঠের তৈরি ঝুনঝুনি। ওবামা দম্পতি শার্লটকে উপহার দিয়েছেন খেলনা কুকুর, জিগ্স, রকিং চেয়ার ও কম্বল। ডেভিড ক্যামেরন দিয়েছেন হ্যান্স অ্যান্ডারসনের রূপকথা। ভুটানের রাজদম্পতি দিয়েছেন ভুটানের বিশেষ কোট।

এ ছাড়াও রাজপরিবারের প্রতিটি সদস্যও রাজকন্যার জন্য উপহার পাঠাতে ভোলেননি। রাজকন্যার জন্মদিনকে সামনে রেখে বৃটিশ রাজপরিবারের পক্ষ থেকে রাজকন্যার বিশেষ ফটোশুটেরও আয়োজন করা হয়।

রাজকন্যার মা কেট মিডলটন নিজেই কন্যার ছবিগুলো তুলেন। কেনসিংটন প্যালেসের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ফটোশুটের বেশ কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে। রাজকন্যার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদও জানানো হয়েছে এই অ্যাকাউন্ট থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026