শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে এক বৃটিশ বাংলাদেশীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ব্রিটেনের কিংস্টোন ক্রাউন কোর্ট।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম জুনায়েদ খান। বয়স ২৫ বছর। সে লুটনের বাসিন্দা। ইংল্যান্ডের ইস্ট এংলিয়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনার জন্যে জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোহ ছিল।
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, জুনায়েদের এক স্বজন সাজিব খান আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। জুনায়েদেরও সেই পরিকল্পনা ছিল। জুনায়েদ তার স্বজন সাজিব দ্বারা উদ্বুদ্ধ হয়ে আইএসে যোগ দিতে চেয়েছিল বলে পুলিশ মনে করছে। দুজনের মোবাইল ফোনে বার্তা চালাচালির প্রমাণও পুলিশ পেয়েছে। সাজিব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
একটি কোম্পানির ডেলিভারি ড্রাইভার জুনায়েদ সিরিয়ায় আইএস নেতাদের কাছে পাঠানো এক বার্তায় প্রেসার কুকারে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটানোর পর মার্কিন সৈন্যদের ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনার কথা জানান বলে অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়।
মামলার নথিতে বলা হয়েছে, এরপর পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা এবং হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়।
২০১৩ সালে লি রিগবি নামে এক ব্রিটিশ সৈন্যকে এক সন্ত্রাসী লন্ডনে সেনা ঘাঁটির সামনে ছুরিকাঘাতে হত্যা করে। জুনায়েদেরও ওই ধরনের পরিকল্পনা ছিল বলে পুলিশের ধারণা।