শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায়, পাঁচ ভারতীয় শ্রমিককে অত্যাচারের পর জীবন্ত কবর দেওয়ায় তিন সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত।
এ ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনকে আসামি করে তদন্ত শুরু করে সৌদি আরবের পুলিশ। পরে তা কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত।
জানা যায়, ২০১০ সালে দেশটির আল কাতিফের সাফায় অবস্থিত একটি ফার্মে এ হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ফার্মটি অপর একজন সৌদি নাগরিক ভাড়া নেয়। এ সময় ফার্মে একটি যন্ত্র স্থাপন করতে গেলে ওই শ্রমিকদের মরদেহের কঙ্কাল বেড়িয়ে পরলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করে।