চার সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান ২১শে জুলাই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হবে। আইনগত বাধ্যবাধকতার কারণে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে। কারণ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথের বিধান থাকায় আগামী ২৩শে জুলাই- এর মধ্যেই শপথ অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ- সচিব মো. শওকত আলী জানান, ২৩ তারিখের মধ্যে শপথের যে বাধ্যবাধকতা রয়েছে তাকে সামনে রেখেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে। শপথের জন্য সম্ভাব্য দিন ধার্য করা হয়েছে, বিশেষ কোন কারণে এর পরিবর্তনও হতে পারে। এর আগে গত ১৫ই জুন দেশের চার সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের চার প্রার্থী জয়লাভ করেন। এতে সিলেটে আরিফুল হক চৌধুরী, রাজশাহীতে মোহাম্মদ মোছাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মো. মনিরুজ্জামান মনি এবং বরিশালে মো. আহসান হাবিব কামাল মেয়র হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার এক মাস ছয় দিন পর তাদের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে।
এলজিআরডি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ইতোমধ্যে চার সিটি করপোরেশন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আমন্ত্রণপত্র তৈরি করছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা। দুই একদিনের মধ্যে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হবে।
Leave a Reply