খালেদ আহমদ: নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ভেজাল ইফতার সামগ্রী। বাহারী রঙ মিশিয়ে পঁচা বাসী ইফতার সামগ্রী বিক্রি হলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এমনটি বলেছেন রোজাদার মুসল্লিরা। গতকাল বুধবার বিকেলে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকা ঘুরে ক্রেতাদের সাথে কথা বললে এমন অভিযোগ পাওয়া যায়।
স
রেজমিন এসব এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশে, ফুটপাতে কিংবা রেস্টুরেন্টগুলোর সামনে খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার সামগ্রী। এসব ইফতার সামগ্রীতে ধুলো বালু পড়ছে। মাছি ভন ভন করে ঘুরছে। কেউ কেউ নাম মাত্র একটি কাগজ দিয়ে ঢেকে রাখলেও বাতাসের সাথে তা উড়ে যাচ্ছে। এসব ভাসমান অস্বাস্থ্যকর দোকান থেকে কোন কোন ক্রেতা না বুঝেই ইফতার সামগ্রী ক্রয় করছেন।
আম্বরখানা পয়েন্টে একটি ফাস্টফুডের সামনে খোলা অবস্থায় রাখা ইফতার সামগ্রী ক্রয় করছেন ইব্রাহিম আলী। চল্লিশোর্ধ ইব্রাহিম আলীর কাছে এসব ভেজাল ইফতার কেনার কারণ জানতে চাইলে প্রথমে কিছুই বলতে রাজি হননি তিনি। এক পর্যায়ে কিছুটা রাগত স্বরে বললেন, আপনার দরকার হলে ক্রয় করেন। আমি কেন কিনছি তা দিয়ে কি করবেন। এক পর্যায়ে তাকে বুঝাতে চেষ্টা করলাম এসব ইফতার সামগ্রী স্বাস্থ্যসম্মত নয়। এগুলো খেলে অসুখ হবে।
তখন কিছুটা নরম সুরে ইব্রাহিম আলী বললেন, কি করার আছে। খেতে তো হবে। এসময় ইব্রাহিম আলীর পাশে থাকা ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম বললেন, ভেজাল মসলা আর ফ্যাটযুক্ত ভোজ্যতেল দিয়ে এসব ইফতারী তৈরী করা হয়। বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়। যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। মানুষ না বুঝেই এসব খাচ্ছে। সংবাদকর্মী পরিচয় পেয়ে ঐ ব্যাংক কর্মকর্তা অনুরোধ করে বললেন আপনারা এসব বিষয়ে লেখেন। নিয়মিত অভিযান হওয়া দরকার। মোবাইল কোর্ট অভিযান চলাকালে এরা সতর্ক হয়ে যাবে। এক পর্যায়ে মানুষের জটলা বেধে গেলে ঐ দোকানদার এখান থেকে চলে যেতে চেঁচামেচি করেন। প্রতিবেদক মোবাইল ফোনে ছবি তুলতে চাইলে বাধা দেন।
একই অবস্থা নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। রাস্তার উপর পসরা সাজিয়ে বসেছে ছোট ছোট রেস্টুরেন্ট মালিকেরা। ছোলা, পেঁয়াজু, আখনী, আলু চপ, বেগুন, বাজী সহ হরেক রকম ইফতারী রাখা হয়েছে খোলা অবস্থায়। মানুষও কিনছেন এসব ইফতারী। অনেকেই না বুঝে এসব ইফতার সামগ্রী বাড়িতে নিয়ে যাচ্ছেন।
ফলে অসুস্থ হচ্ছে ছোট ছোট শিশুসহ পরিবারের অনেকেই। ডায়রিয়া, পেট ব্যথা, বমি এসব রোগে আক্রান্ত হচ্ছেন রোজাদাররা। এমনটি বলেছেন সচেতন লোকজন। আরো খারাপ অবস্থা বন্দর বাজার এলাকায়। এখানে ফুটপাতসহ সর্বত্র ইফতারির দোকান। যেগুলোতে বিক্রি হচ্ছে ভেজাল ইফতারী। ভ্যানের উপরও কেউ কেউ ইফতারী এবং সালাদ বিক্রি করছে।
নগরীর ব্যস্ত রোজাদাররা হাতের কাছে পেয়ে এসব স্থানে ইফতারি সেরে নিচ্ছেন। এসব ইফতারীর দোকানগুলোর প্রায় প্রতিটিতেই বাহারী রঙ মিশিয়ে পঁচা বাসী খাবার বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইফতারীর পাশাপাশি ভ্রাম্যমান গাড়িতে করে হরেক রকম শরবত বিক্রি হচ্ছে। যেগুলো আরো বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাছের জন্য রাখা বিশেষ বরফ ব্যবহার করে লেবুর রস দিয়ে তৈরী সরবত তৃষ্ণা মেটাতে যারা পান করছেন তারা অজান্তেই যেন বিষ পান করছেন। এমনটি বলেছেন একজন চিকিৎসক।
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এম আজির উদ্দিন বলেন, রাস্তার পাশে তৈরী এসব বাসী ঢাকনাবিহীন খাবার রোগ জীবানু ছড়ায়। যারা এসব খাবার তৈরী করে তারা অপরিচ্ছন্ন থাকে। রোগজীবানু ছড়ানোর এটাও একটি অন্যতম কারণ। বিশেষ করে এক ধরনের রং মিশিয়ে এসব খাবার তৈরী করা হচ্ছে যেগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এগুলো খেলে মানুষের পরিপাকতন্ত্র নষ্ট হয়ে যায়। ফলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। জন্ডিস হতে পারে। পরিপাকতন্ত্রে সমস্যা হওয়ার কারণে ডায়রিয়া ও বমি হয়। এমনকি দীর্ঘদিন এসব রং মিশ্রিত খাবার খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তিনি বলেন এসব বিষয়ে মানুষকে সচেতন করা দরকার।