শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৬

মঙ্গলবার রাশিয়ায় ঈদ উদযাপিত

মঙ্গলবার রাশিয়ায় ঈদ উদযাপিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্য বা ইউরোপের সাথে মিল না রেখেই মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করেছেন রাশিয়ার মুসলমানেরা। ঈদ উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মুসলিম নেতারা মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

টানা এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে ঈদের দিন পালনের জন্য রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোতে এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়। তবে ঈদের দিনটি সাপ্তাহিক ছুটির দিনে না পড়ায় রাজধানী মস্কোতে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি এবং স্থানীয় মুসলমানদের এ দিন কর্মস্থলে যেতে হয়েছে।

খ্রিষ্টান প্রধান দেশ হলেও ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস রাশিয়ায়। বেসরকারি হিসাবে মস্কোতেই বাস করে প্রায় ৪০-৪৫ লাখ মুসলমান। সাম্প্রতিককালে ইসলামের প্রতি রাশিয়ার উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্রনীতিতেও মুসলিম বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মস্কোতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাশিয়ার কেন্দ্রীয় মসজিদে। সংস্কার কাজ শেষে গত বছর চালু হওয়া প্রায় দুই হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত ইউরোপের অন্যতম বড় এ মসজিদে সকাল আটটায় ১০ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাশিয়ার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও মুফতি পরিষদের সভাপতি রাভিল গাইনুদ্দিন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ান কেন্দ্রীয় মসজিদ থেকে ঈদের জামাত ও খুতবা সরাসরি সম্প্রচার করে।

মস্কোর চারটি মসজিদসহ নগর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দুটি উদ্যানে ঈদের জামাতের আয়োজন করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে মস্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বাঙালি অধ্যুষিত ভেদেনখা এলাকার মিনদাল ক্যাফেতে। সকাল নয়টায় অনুষ্ঠিত ওই ঈদের জামাতে ইমামতি করেন বাঙালি কমিউনিটির পরিচিত মুখ মাওলানা জামাল উদ্দীন। বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের এখানে ঈদের নামাজ পড়তে দেখা যায়।

এছাড়া প্রবাসীদের একাংশ বাংলাদেশ দূতাবাসে ঈদের নামাজ আদায় করে। সকাল ১০টায় এখানে জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত সাইফুল হক দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসীদের সঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে বাংলাদেশিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রাশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বাঙালি অধ্যুষিত ভেদেনখা এলাকার মিনদাল ক্যাফেতে। ছবি: প্রথম আলোউল্লেখ্য, কয়েক দশকের মধ্যে এবার রাশিয়ায় বসবাসরত মুসলমানদের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী রোজা পালন করতে হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলভেদে মুসলমানরা ১৮ থেকে ২১ ঘণ্টা পর্যন্ত রোজা রাখেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025