শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের গুলশানে রেস্তোরাঁয় হামলার পর ভারতে বিভিন্ন মহলের দাবির মুখে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই সঙ্গে আরও যেসব অনুমোদনবিহীন টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে, সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় শাস্তির মুখোমুখি হতে হবে। খবর এনডিটিভির।
এদিকে, নানা জল্পনা কল্পনার পর ডা. জাকির নায়েকের পিচ টিভির সম্প্রচার বন্ধে কেবল অপারেটরদের নির্দেশ দিতে যাচ্ছে বাংলাদেশ। গুলশান হামলায় অংশগ্রহনকারী নিহত দুই শীর্ষ জঙ্গী ভারতের ইসলামী নেতা ড. জাকির নায়েককে অনুসরন করতেন এমন শিরোনামে বাংলাদেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে ভারত।
য
দিও অনেক আগে থেকেই ভারতে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছিল সরকার। তারপরও কিছু কেবল অপারেটর এটি বিশেষ ব্যবস্থায় সম্প্রচার করে আসছিল। সম্প্রতি বাংলাদেশের গুলশানে একটি রেস্তোরাঁয় হামলার পর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকির নায়েকের মালিকানাধীন পিস টিভি ও জাকির নায়েকের ভূমিকা নিয়ে আবারও বিতর্ক ওঠে বিভিন্ন মহল থেকে।
বিশেষ করে, গুলশানে হামলাকারীদের দুজনের ফেসবুক থেকে জানা যায়, তাঁরা জাকির নায়েকের বক্তব্যে জঙ্গি হামলায় উদ্বুদ্ধ হন। এটি জানার পরই জাকির নায়েকের জনসমক্ষে দেওয়া বক্তব্য তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সর্বশেষ ভারতের উত্তর প্রদেশের মুসলিম নেতারা জাকির নায়েককে ইসলামবিরোধী ও ভারতবিরোধী আখ্যা দিয়ে পিস টিভির সম্প্রচার বন্ধ এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
কয়েক দিন ধরেই মুম্বাইয়ে অবস্থিত জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কার্যালয়ের চারপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এর মধ্যেই পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ এল সরকারের তরফ থেকে।
জাকির নায়েকের কার্যক্রম ইসলাম ও ভারতীয় সংস্কৃতির বিরোধী হওয়ায় ২০০৮ সালে লক্ষ্ণৌ, কানপুর ও এলাহাবাদের রাজ্যসরকার তাঁকে নিষিদ্ধ ঘোষণা করে। তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় নিষিদ্ধ ১৬ চিন্তাবিদের একজন জাকির নায়েক।
গত কদিন ধরে চলে আসা নানা আলোচনার পর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েককে গ্রেফতারের দাবি তুলেন ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা। এরপরেই শনিবার ভারত সরকার তাদের দাবীর সাথে ‘একাত্মতা রেখে’ খুব দ্রুত নেয়া সরকারী সিদ্ধান্তে বন্ধের নির্দেশ দেয় পিস টিভির সম্প্রচার । দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
আজ শনিবার একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশে পিচ টিভির সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, আগামীকাল (মন্ত্রণালয়ের) অফিস খুলবে। এরপর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
এদিকে, জাকির নায়েকের বক্তব্যকে বিতর্কিত উল্লেখ করে তার বক্তব্য প্রচারকারী পিস টিভির সম্প্রচার বন্ধে সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ঢাকার কয়েকজন কেবল অপারেটর। গুলশান হামলার পরই পিস টিভির সম্প্রচার নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন আখতার।
তিনি জনান, আমি নিজেও আগে ওই চ্যানেলটি মাঝে মধ্যে দেখতাম। তবে গুলশানের ঘটনা ঘটার পর বুঝলাম যে- আমি যেভাবে এই চ্যানেল দেখতাম, অনেকেই সেভাবে দেখেন না। আমরা পুরো দেশেই চ্যানেলটি বন্ধ করে দিতে চাচ্ছি। তবে সরকারের কোনো নির্দেশনা না থাকায় এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না।